স্পট এলএনজি কিনতে ৭৫ মিলিয়ন ডলার ব্যয়, অর্ধেক দামে সরবরাহের সুযোগ হাতছাড়া?

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৭:১৭

দেশে চলমান গ্যাস সংকটের মধ্যেই সরকার ১৫–১৬ আগস্ট ডেলিভারির জন্য আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি ভিটল (Vitol) থেকে একটি স্পট এলএনজি কার্গো কিনেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কার্গোটির মূল্য প্রতি এমএমবিটিইউ ২২.৩৫ মার্কিন ডলার, যার মোট মূল্য প্রায় ৭৫ মিলিয়ন মার্কিন ডলার।

এদিকে জ্বালানি খাত সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে, যখন সরকার উচ্চমূল্যে স্পট বাজার থেকে এলএনজি আমদানি করছে, তখন তুলনামূলকভাবে অনেক কম দামে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহের সম্ভাবনা কেন বাস্তবায়ন করা হচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, সামিট অয়েল অ্যান্ড শিপিং পূর্বে চুক্তিবদ্ধ দীর্ঘমেয়াদি ব্যবস্থার আওতায় প্রায় প্রতি এমএমবিটিইউ ১১.৫ মার্কিন ডলার দরে এলএনজি সরবরাহে প্রস্তুত রয়েছে। কোম্পানির দাবি, তাদের সরবরাহের পথ বন্ধ থাকায় রাষ্ট্রকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি মূল্যে স্পট এলএনজি কিনতে হচ্ছে, যার ফলে বৈদেশিক মুদ্রার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, যদি দীর্ঘমেয়াদি কমমূল্যের সরবরাহ বাস্তবায়নের সুযোগ থাকে, তবে চলমান ব্যয়বহুল স্পট আমদানির ওপর নির্ভরতা দেশের জন্য অপ্রয়োজনীয় আর্থিক বোঝা সৃষ্টি করতে পারে। তাদের মতে, যে কোনো চুক্তিগত বিরোধ আদালত বা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হতে পারে; তবে জাতীয় স্বার্থে সর্বনিম্ন ব্যয়ে জ্বালানি নিশ্চিত করাই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইত্তেফাক/আরআর