লোহিত সাগরে জাহাজ থেকে কোনো টোল আদায় করবে না বলে স্পষ্ট করেছে হুথিরা। তাদের নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান অপারেশন কোঅর্ডিনেশন সেন্টার (এইচওসিসি) শনিবার (১ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ সম্পূর্ণ বিনামূল্যে চলাচল করতে পারবে।
বিবৃতিতে বলা হয়, তাদের ট্রানজিট সেবা স্বেচ্ছামূলক এবং কোনো অর্থ নেওয়া হয় না। কেউ যদি জাহাজ থেকে টাকা দাবি করে, সে ইয়েমেন সরকার বা এইচওসিসির প্রতিনিধি নয়। শিপিং কোম্পানিগুলোকে অনুরোধ করা হয়েছে, অননুমোদিত কোনো ব্যক্তি বা সংস্থার কাছে টাকা বা তথ্য না দিতে।
এর আগে ২৯ জুলাই রয়টার্স আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, বাব-এল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের কথা ভাবছে হুথিরা। ঠিক এক সপ্তাহ আগে তারা সৌদি আরবের ওপর নৌ-অবরোধ ঘোষণা করেছিল। রয়টার্সের সূত্রগুলো বলেছে, জুলাইয়ের শুরুতে তেহরান সফরে হুথি প্রতিনিধিরা ইরানি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। টোল আদায়ের জন্য নিয়ন্ত্রক সংস্থা গঠনেও ইরানের উপদেষ্টারা সহায়তা করছেন বলে খবর পাওয়া গেছে।
হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদি আরব তেল ও পণ্য রপ্তানির বিকল্প রুট হিসেবে বাব-এল-মান্দেব ব্যবহার করছে। এ কারণে প্রণালিতে কোনো শুল্ক আরোপ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রিয়াদ। এমন পরিস্থিতিতে লোহিত সাগর, বাব-এল-মান্দেব ও এডেন উপসাগরে জাহাজ চলাচল নিশ্চিত করতে ১৪টি দেশের সমন্বয়ে নতুন নৌ-জোট গঠন করেছে সৌদি আরব।
বাব-এল-মান্দেব প্রণালি এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে তেল ও পণ্যবাহী জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ। এখানে টোল আরোপের যেকোনো উদ্যোগকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ থেকে কর আদায়ের ইরানি চেষ্টার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছিল।
সূত্র: আল-জাজিরা

