সাগরে ডুবিয়ে দেওয়া হলো টাইটানিক থেকে বড় মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩০

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক যাত্রীবাহী জাহাজ ও বিশ্বের দ্রুততম সমুদ্রগামী প্রমোদতরী ‘এসএস ইউনাইটেড স্টেটস’ তার বর্ণাঢ্য জীবনের ইতি টেনে তলিয়ে গেছে সমুদ্রের গভীরে। প্রায় এক হাজার ফুট (৩০২ মিটার) দীর্ঘ এই জাহাজটিকে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে (‘স্কাটলিং’) ফ্লোরিডার ডেস্টিন উপকূলের কাছে মেক্সিকো উপসাগরের তলদেশে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তর করা হয়েছে।

১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে নির্মিত এই জাহাজটি বিখ্যাত টাইটানিক জাহাজের চেয়েও আকারে বড় ছিল (টাইটানিক ছিল ৮৮২ ফুট ৯ ইঞ্চি)। অসাধারণ গতি, মজবুত কাঠামো ও বিলাসবহুল ব্যবস্থার জন্য এটি বিশ্বজুড়ে পরিচিত ছিল।

১৯৫২ সালে অভিষিক্ত হওয়ার পর প্রথম যাত্রাতেই আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার অজেয় রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করে জাহাজটি। মাত্র ৩ দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে ঘণ্টায় প্রায় ৬৬ কিলোমিটার (৩৫.৫৯ নটিক্যাল মাইল) গড় গতিতে আটলান্টিক পাড়ি দিয়েছিল এটি, যা আজ পর্যন্ত কোনো যাত্রীবাহী জাহাজ ভাঙতে পারেনি।

১৭ বছরের কর্মজীবনে এই জাহাজে ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের চার সাবেক প্রেসিডেন্ট (জন এফ কেনেডি, বিল ক্লিনটন, হ্যারি ট্রুম্যান ও ডোয়াইট আইজেনহাওয়ার), হলিউডের কিংবদন্তি তারকা মেরিলিন মনরো, এলিজাবেথ টেলর, মার্লন ব্র্যান্ডো এবং পরাবাস্তববাদী চিত্রশিল্পী সালভাদর দলির মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বরা। ১৯৬৯ সালে বাণিজ্যিকভাবে এর যাত্রী পরিবহন বন্ধ করে দেওয়া হয়।

কেন ডুবিয়ে দেওয়া হলো জাহাজটি?

বহু বছর ধরে ফিলাডেলফিয়ায় অচল অবস্থায় নোঙর করে রাখা এই জাহাজটির রক্ষণাবেচন ব্যয় আকাশছোঁয়া হয়ে পড়েছিল। ২০২১ সালে বন্দর কর্তৃপক্ষ দৈনিক মাশুল ১ হাজার ৭০০ ডলারে উন্নীত করায় অলাভজনক সংস্থা ‘এসএস ইউনাইটেড স্টেটস কনজারভেটরি’ এই খরচ বহন করতে ব্যর্থ হয়।

পরবর্তীতে ২০২৪ সালে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি ১০ লাখ ডলারে জাহাজটি কিনে নেয় এবং এটিকে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তর করার উদ্যোগ নেয়। পরিবেশের ক্ষতি না করে সামুদ্রিক বাস্তুতন্ত্রের সুরক্ষায় জাহাজটিকে সম্পূর্ণ নিরাপদ ও বিষমুক্ত করতে প্রায় এক বছর ধরে কঠোর প্রস্তুতি নেওয়া হয়। টানা পাঁচ ঘণ্টা ধরে পানি প্রবেশ করিয়ে ফ্লোরিডা উপকূলের মেক্সিকো উপসাগরের তলদেশে এটিকে স্থায়ীভাবে সমাহিত করা হয়।

কৃত্রিম প্রবালপ্রাচীর ও সামুদ্রিক বাস্তুতন্ত্র

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেসকো)-এর তথ্য অনুযায়ী, সাগরের তলদেশে প্রায় ৩০ লাখের বেশি ডুবে থাকা জাহাজ রয়েছে, যেগুলো প্রবাল ও মাছের প্রাকৃতিক আবাসে পরিণত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘রিগস টু রিফস’ কর্মসূচির মতো উদ্যোগের আওতায় তেল উত্তোলন-কাঠামো, পাতালরেলের বগি, কংক্রিটের ঘনক বা ‘রিফ বল’ ব্যবহার করে কৃত্রিম প্রবালপ্রাচীর গড়ে তোলা হয়।

ফ্লোরিডার এই নতুন কৃত্রিম প্রবালপ্রাচীর সামুদ্রিক জীববৈচিত্র্য ও মৎস্যশিল্পের বিকাশে বড় ভূমিকা রাখার পাশাপাশি বিশ্বজুড়ে ডুবুরি ও পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

ইত্তেফাক/এএম