রাজধানীর গুলিস্তান থেকে নাফির আল মামুন (৩৫) নামের এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাকে আটক করার সময় তার আরো তিন সহযোগীকে আটক করে পুলিশ। আটককৃত নাফির আল মামুনের বাবা শাহাদত হোসেন বরগুনা পৌরসভার মেয়র।
পল্টন থানার ওসি মাহমুদুল হক বলেন, দুপুরে গুলিস্তান এলাকা থেকে চার যুবককে ১০০ পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসেন এসআই জাহাঙ্গীর হোসেন। আটককৃতদের মধ্যে এক জনের বাবা বরগুনা পৌরসভার মেয়র। তবে এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।
পল্টন থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, দুপুরে গুলিস্তান এলাকায় টহল ডিউটির সময় এক যুবককে সন্দেহবশত তিনি তল্লাশি করেন। এসময় আরো তিন যুবক এসে ওই যুবককে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। পরে ওই যুবকের প্যান্টের পকেট থেকে পলিথিনের একটি ছোট প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের মধ্যে গোলাপি রঙের ১০০ পিস ট্যাবলেট রয়েছে। আটককৃত যুবকরা জানিয়েছে, এগুলো ইয়াবা। এরপরই তাদের আটক করে পল্টন থানায় নেওয়া হয়।
