সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, ৫০ কারারক্ষীকে তলব

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১১:৫৭

কারাগারের ভেতরের ছবি ও ভিডিও স্যোশালমিডিয়ায় ছড়িয়ে পড়ার ঘটনায় এবার কঠোর অবস্থান নিয়েছে কারা অধিদপ্তর। নিষেধাজ্ঞা অমান্য করে ফেসবুকসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে এসব তথ্য প্রচারের অভিযোগে দেশের বিভিন্ন কারাগারে কর্মরত প্রায় ৫০ জন কারারক্ষীকে তলব করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল ৯টায় তাদের কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তও শুরু করেছে অধিদপ্তর।

রাজশাহী, চট্টগ্রাম, কাশিমপুর, ময়মনসিংহ, সিলেট, যশোর, বরিশাল, কুমিল্লা, নীলফামারী, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে কর্মরত পুরুষ ও নারী কারারক্ষীদের তলব করা হয়েছে।

কারা অধিদপ্তরের প্রিজন্স ইন্টেলিজেন্স ইউনিট সূত্রে জানা গেছে, সামাজিকমাধ্যম ব্যবহারের নির্দেশনা উপেক্ষা করে কয়েকজন কারারক্ষী কারাগারের অভ্যন্তরের ছবি ও তথ্য প্রকাশ করেছেন। বিষয়টি সরকারি চাকরির শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তাই সংশ্লিষ্টদের কাছ থেকে ব্যাখ্যা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ সংবাদমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করায় ৫০ কারারক্ষীকে তলব করা হয়েছে। ধাপে ধাপে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/পিএস