পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হতে ভারতের সমর্থন চায় বেলুচিস্তান

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ০০:০২

পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন রাষ্ট্র গড়তে ভারতের সহায়তা কামনা করেছেন বেলুচিস্তানের অধিকারকর্মীরা। ভারতকে ৭৩তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে তারা নিজেদের স্বাধীন হবার বাসনা প্রকাশ করেছে বলে জানিয়েছে ভারতের দ্য হিন্দুস্তান টাইমস।

রিপোর্টে বলা হয়, বেলুচিস্তানের অবস্থা ভারত-শাসিত জম্মু-কাশ্মিরের মতোই। ১৯৪৭ সালের দেশভাগের সময় পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় এই প্রদেশটি। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চলে একটি প্রাদেশিক সরকার রয়েছে। তবে জম্মু-কাশ্মিরে যেমন করে ভারতীয় সেনাবাহিনীর প্রবল উপস্থিতি রয়েছে, বেলুচিস্তানেও তেমনি পাকিস্তানের সেনাবাহিনীর উপস্থিতি। বেলুচদের স্বাধীনতার আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী কর্মকান্ড হিসেবে দেখে আসছে পাকিস্তান। আত্তা বেলুচ নামে এক অধিকারকর্মী বলেন, ‘গত ৭০ বছরে ভারতীয়দের অর্জিত সফলতা তাদের জন্য গর্বের বিষয়। আজ বিশ্বজুড়ে ভারতীয়রা গর্বিত। তাদের সংহতি ও সহযোগিতার জন্য আমরা বেলুচরা কৃতজ্ঞ। আমরা চাই, বেলুচিস্তানের স্বাধীনতার জন্য তারাও আওয়াজ তুলুক। তাদের সহযোগিতা আমাদের দরকার।’