গ্রীসে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৯:৩৬

গ্রীসের রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিমে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় দুই অগ্নিনির্বাপক হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে গ্রীক ও ডেনিশ নাগরিকসহ অন্তত ২ জন নিহত হয়েছেন। অন্য হেলিকপ্টারটিতে থাকা গ্রীক ও ব্রিটিশ নাগরিক বেঁচে গেছেন।

গ্রীক ফায়ার সার্ভিস জানিয়েছে যে অ্যাটিকা অঞ্চলের পসাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্ত ও স্থানীয় সংবাদের তথ্য অনুযায়ী, পবনা চালিত বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ লাইনের স্পার্ক থেকে ভয়াবহ এই দাবানলের সূত্রপাত হয়। অবহেলার অভিযোগে দুই গ্রীক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এবং আরেক সন্দেহভাজন পলাতক রয়েছে। 

দাবানল এথেন্সের উত্তর-পশ্চিমে ১০০টিরও বেশি বাড়ি ধ্বংস করেছে এবং এটি মেগারা শহরের দিকে অগ্রসর হওয়ায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। পর্যটন দ্বীপ কেফালোনিয়াতেও নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস জানিয়েছেন যে প্রাকৃতিক শক্তি ও আবহাওয়ার তীব্রতা মাঝে মাঝে মানুষের সব পরিকল্পনা ও সক্ষমতাকে ছাড়িয়ে যায়।

ইউরোপজুড়ে তীব্র তাপদাহ ও খরা পরিস্থিতির মধ্যে অন্যান্য দেশেও দাবানল ছড়িয়ে পড়েছে। ফরাসি সংবাদ মাধ্যম বিএফএম টিভির খবরে বলা হয়েছে যে বাতাসের দিক পরিবর্তনের কারণে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে দাবানল তার গতিপথ বদলে দুর্গম বনাঞ্চলের দিকে ছড়াচ্ছে। 

পাশাপাশি কারকাসোনে মহাসড়কের পাশে একটি গাড়িতে আগুন লেগে নতুন করে দাবানল দেখা দিয়েছে। অন্যদিকে স্পেনের কাসেরেস প্রদেশে বনাঞ্চলের আগুনে ৮০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হলেও বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

খরার কারণে ড্যানিউব ও রাইন নদীর পানি ঐতিহাসিক সর্বনিম্নে নেমে আসায় ইউরোপের সার্বিক সংকট আরও ঘনীভূত হয়েছে। ড্যানিউব নদীর পানি শুকিয়ে যাওয়ায় চার দশকের মধ্যে প্রথমবারের মতো হাঙ্গেরির একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। দেশটির প্রধানমন্ত্রী পিটার ম্যাগয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া পানি সংকটে সার্বিয়ার সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ৮০ শতাংশ কমে গেছে।

সূত্র: রয়টার্স

ইত্তেফাক/টিএইচ