নাহিদ রানার মতো আরও পেসার পাইপলাইনে আছে, জানালেন কোচ

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ২৩:৩৭

গতি ও বাউন্স দিয়ে সাম্প্রতিক সময়ে বিশ্বক্রিকেটে আলাদাভাবে নজর কেড়েছেন বাংলাদেশি তরুণ গতি তারকা নাহিদ রানা। গত দুই বছর ধরে জাতীয় দলের পেস আক্রমণের অন্যতম মূল স্তম্ভ হয়ে ওঠা এই পেসার চোটের কারণে বাদ পড়েছেন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে। 

তবে নাহিদ রানার অনুপস্থিতি কিছুটা দুশ্চিন্তার হলেও বিসিবির কোচ আলমগীর কবির মনে করেন, নাহিদের মতো পেসার দেশের পাইপলাইনে আরও আছে।

কোচ আলমগীর কবিরের মতে, অনূর্ধ্ব-১৭, ১৯ এবং ২৩ দলের বয়সভিত্তিক ক্রিকেট পর্যালোচনায় বেশ কয়েকজন ভালো বোলার আছে। কেউ কেউ জাতীয় পর্যায়ে উঁকি দিচ্ছেন। যদিও নাহিদের যে গতি, তা মহান আল্লাহর উপহার বললে ভুল হবে না। তবে যারা উঠে আসছেন, তারাও কম যান না।

অস্ট্রেলিয়া সিরিজে নাহিদকে না পেয়ে সমর্থকদের হতাশ হওয়াকে স্বাভাবিক বলে মনে করেন এই কোচ। তিনি জানান, যেকোনো দলই নিজেদের সেরা খেলোয়াড়কে কেন্দ্র করে মূল রণকৌশল সাজায়। আমরা রানার দিকে তাকিয়েছিলাম, ও ভালো করলে দল ভালো করবে। 

অন্যদিকে, দীর্ঘমেয়াদী চোট কাটিয়ে মাঠে ফেরা আরেক পেসার এবাদত হোসেনের বর্তমান অবস্থা প্রসঙ্গে আলমগীর কবির জানান, তার সাম্প্রতিক ছন্দহীনতা অফ-ফর্মের কারণে নয়। মারাত্মক চোট কাটিয়ে ফেরার পর কিছুটা মানসিক জড়তা বা সতর্কতা থাকা স্বাভাবিক। পর্যাপ্ত সময় ও সুযোগ পেলে এবাদত খুব দ্রুতই নিজের পুরোনো ও বিধ্বংসী ছন্দে ফিরে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 
ইত্তেফাক/এমএসআর