ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সাত শতাধিক বাড়ি পুড়ে ছাই

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৪:০০

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ৭ হাজার একর জুড়ে ছড়িয়ে পড়েছে। তিনটি বড় দাবানলে ওয়াশিংটন রাজ্য। দাবানলের তাণ্ডবে সাত শতাধিক বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে স্পোকেন এলাকার প্রায় ৬৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বব ফার্গুসন।

শুষ্ক আবহাওয়া ও প্রবল দমকা হাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন ও আশপাশের এলাকায় আগুনে প্রায় ৮.২ বর্গমাইল (প্রায় ২১ বর্গকিলোমিটার) এলাকা পুড়ে গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্যেও একাধিক দাবানল জ্বলছে, যা নিয়ন্ত্রণে ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াশিংটন জুড়ে এখন পর্যন্ত ৭ হাজারের বেশি এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পোকেনের দাবানলসহ কয়েকটি আগুন নিয়ন্ত্রণে আসেনি। সরিয়ে নেওয়া মানুষের মধ্যে স্পোকেন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীরাও রয়েছেন।

স্থানীয় ভিডিওচিত্রে দেখা গেছে, একাধিক ভবন আগুনে জ্বলছে, আবাসিক এলাকার ওপর ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং অনেক বাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়ে শুধু চিমনি দাঁড়িয়ে রয়েছে। কর্মকর্তাদের আশঙ্কা, আগামী কয়েক দিনেও আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতি হবে না। সংবাদ সম্মেলনে মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল বলেন, আমরা এখনো বিপদমুক্ত নই। আগামী কয়েক দিন খুবই কঠিন হবে। শুধু স্পোকেন নয়, পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনেও টানা দশম দিনের মতো বুলডোজার ও হেলিকপটারের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সেখানে প্রায় ৫২৫ বর্গমাইল (প্রায় ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার) তৃণভূমি পুড়ে গেছে। গবাদিপশুর খামারের জন্য পরিচিত ঐ অঞ্চলে ৭০০টির বেশি বাড়ি এবং আরো প্রায় ৮০০টি স্থাপনা হুমকির মুখে রয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহ জুড়ে সেখানে শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বজায় থাকবে। বুধবার তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইট (৩২ ডিগ্রি সেলসিয়াস) অতিক্রম করতে পারে।

কর্মকর্তাদের ধারণা, বজ্রপাত থেকেই ঐ দাবানলের সূত্রপাত। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ুদূষণ সতর্কতা জারি করেছে। পাশাপাশি উটাহ, মন্টানা ও পশ্চিম নেব্রাস্কার কিছু এলাকায় দাবানলের উচ্চ ঝুঁকির সতর্কতা এবং অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নেভাডার দক্ষিণাঞ্চল ও উত্তর মন্টানায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে স্পোকেন এলাকায় ওল্ড ট্রেইলস ফায়ার, ফেয়ারভিউ ফায়ার এবং মেডোভিউ ফায়ার—এই তিনটি বড় দাবানল সক্রিয় রয়েছে। এ কারণে পুরো অঙ্গরাজ্যে বায়ুর মান নিয়েও সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেন গভর্নর বব ফার্গুসন। একই সঙ্গে জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটনের জন্য ‘অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি’ উল্লেখ করে বিশেষ দাবানল সতর্কতা জারি করেছে। —আলজাজিরা ও সিএনএন

ইত্তেফাক/এনএন