প্রথম ম্যাচে মাত্র ৮৯ রানে গুটিয়ে গিয়ে চরম হতাশার জন্ম দিয়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়ে ডিএলএস পদ্ধতিতে ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকাকে ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ।
প্রিটোরিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ইউনিভার্সিটি স্পোর্টের দুই ওপেনার জেসন মিউরহেড ও লুডভিগ শুল্ড ১৪৮ রানের বিশাল উদ্বোধনী জুটি গড়েন। ৭১ বলে ৭২ রান করা শুল্ডকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রোহনাত দৌলা। এরপর ২৭তম ওভারে ৭৩ বলে ৭৯ রান করা মিউরহেডকে সাজঘরে ফেরান পেসার ইকবাল হোসেন।
উদ্বোধনী জুটি ভাঙার পরই ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বাংলাদেশ ইমার্জিং দল। বিশেষ করে পেসার ইকবালের দুর্দান্ত বোলিংয়ে দিক হারায় ইউনিভার্সিটি স্পোর্ট। ইকবাল ১০ ওভার বল করে মাত্র ৪৩ রান খরচায় ৫ উইকেট তুলে নেন। তাঁর বিধ্বংসী স্পেলের সুবাদে ৪৭ ওভারেই ২৪৮ রানে অলআউট হয় স্বাগতিকরা।
২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা হোঁচট খায় বাংলাদেশ। মাত্র ১২ রান করে আউট হন অধিনায়ক ও ওপেনার জাকির হাসান। তিন নম্বরে নামা শাহাদাত হোসেন ১৮ রান করে এবং আরেক ওপেনার মাহিফজুল ৩৯ বলে ৩৪ রান করে বিদায় নিলে ১২.২ ওভারে ৮০ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
তবে এরপর দলের হাল ধরেন ইফতেখার হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। এই জুটি অবিচ্ছিন্ন থেকে ১০৬ রান যোগ করে দলকে জয়ের পথে নিয়ে যায়। ৩৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ যখন ৩ উইকেটে ১৮৬ রান, তখন বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ইফতেখার ৮৬ বলে ৭১ রান এবং মাহিদুল ৬৮ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন।
টানা বৃষ্টির কারণে আর খেলা মাঠে গড়ায়নি। ফলে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ২৬ রানে এগিয়ে থাকায় বাংলাদেশ ইমার্জিং দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

