ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কয়েকজন আহত

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৬:১৬

ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে বেলা দেড়টার দিকে ক্যাম্পাসে মিছিল করেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২-এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান উপলক্ষে অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে ৫ ও ৬ নম্বর গ্যালারিতে সাজসজ্জার কাজ চলছিল।

তিনি অভিযোগ করেন, এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী এসে আব্দুল মালেকসহ কয়েকজনকে মারধর করেন। এতে আব্দুল মালেক মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে চিকিৎসার জন্য পপুলার হাসপাতালে নেওয়া হয়।

অন্যদিকে রাসেল নামে এক ছাত্রদলের কর্মীর দাবি, সকালে শিবিরের একটি কর্মসূচিকে কেন্দ্র করে বহিরাগত শিবিরের কর্মীরা ক্যাম্পাসে জড়ো হন। এ সময় তারা ছাত্রদলের কর্মীদের উসকানিমূলক কথাবার্তা বলেন এবং এক কর্মীকে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতা-কর্মীরা একত্র হয়ে ক্যাম্পাসে মিছিল বের করেন। পরে শিবিরের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের পর শিবির কর্মীরা কলেজ থেকে বের হয়ে যান, এরপর ছাত্রদলের কর্মীরা ঢাকা কলেজের প্রধান ফটোকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

ইত্তেফাক/এটিএন