৫ আগস্টে নিষিদ্ধ সংগঠনের গতিবিধি গোয়েন্দা নজরদারি করবে র‍্যাব

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০১:৫৩

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-২। উগ্রবাদী ও নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের সম্ভাব্য তৎপরতা বা নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি ২১২ সদস্যের একটি বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে বাহিনীটি।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে র‍্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এই তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ৫ আগস্ট চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের পরিবার ও আন্দোলনে আহত যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন। একই দিনে শেরেবাংলা নগরে ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই গুরুত্বপূর্ণ দুটি অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

র‍্যাব জানায়, নিষিদ্ধ সংগঠন বা উগ্রবাদী গোষ্ঠী যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য অনুষ্ঠানস্থলের প্রবেশ ও বের হওয়ার পথে চেকপোস্ট স্থাপন, ড্রোনের মাধ্যমে নজরদারি, রোবাস্ট পেট্রোলিং, মোটরবাইক পেট্রোলিং এবং সার্বক্ষণিক টহলের ব্যবস্থা রাখা হয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এসএসএফ-এর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া ডগ স্কোয়াড ও বোম্ব স্কোয়াড মোতায়েন করা হয়েছে এবং সাইবার জগতে গুজব প্রতিরোধে কাজ করবে বিশেষ সাইবার সিকিউরিটি টিম।

মেজর এম মুবীন রহমান তাপস বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সব সরকারি, বেসরকারি ও সামাজিক অনুষ্ঠানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতে র‍্যাব বদ্ধপরিকর। যেকোনো নাশকতা মোকাবেলায় বাহিনীটি সর্বদা প্রস্তুত রয়েছে।

একই সঙ্গে নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ নজরে এলে দ্রুত নিকটস্থ র‍্যাব ক্যাম্প অথবা র‍্যাব-২-এর হটলাইন নম্বর ০১৭৭৭৭১০২৯৯-এ তথ্য প্রদান করার জন্য।

ইত্তেফাক/এনএন