আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দিতে জনগণই নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে। আমাদের কেন্দ্র পাহারা দেওয়ার প্রয়োজন নেই। কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। জনগণই ভোট কেন্দ্র পাহারা দেবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে নির্বাচনে জোটের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় মাঠে নামার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ১৪ দল। রাজধানীতে ৫টিসহ সারাদেশে ১৫টি নির্বাচনী সভা-সমাবেশ করবে ক্ষমতাসীন এ জোট। এসব নির্বাচনী সমাবেশে নেতৃত্ব দিবেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আগামী ১১ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা সফরের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে। ১১ ও ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের রায়গঞ্জ, তারাশ ও শাহাজাদপুরে ১৪ দলের নির্বাচনী সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে। ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর রাজধানীর মতিঝিল, মিরপুর, লালবাগ, শ্যামপুর ও কোতয়ালীতে এবং ১৯ ডিসেম্বর ফেনী, ২১ ডিসেম্বর কুষ্টিয়া, ২২ ডিসেম্বর রাজশাহী, ২৩ ডিসেম্বর নওগাঁ ও ২৪ ডিসেম্বর গাইবান্ধায় ১৪ দলের নির্বাচনী সমাবেশ হবে। সমাবেশে উপস্থিত থাকবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন প্রমুখ। ১৪ দলের বৈঠক শেষে নির্বাচনী সভা-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন দিলীপ বড়ুয়া।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১৬ ডিসেম্বর বিকাল ৩টায় রাজধানীর শাহবাগে বিজয় মঞ্চ উদ্বোধন করা হবে। একই দিন থেকেই দেশের সব জেলা-উপজেলা পর্যায়ে বিজয় মঞ্চ’র কার্যক্রম শুরু হবে। ১৪ দলীয় জোটের প্রার্থিরা বিজয় মঞ্চগুলোর সমন্বয় করবেন।
নৌপরিবহন মন্ত্রী ও সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাজাহান খান বলেন, আসন্ন নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তির বিজয়ের কোনো বিকল্প নেই। তাই দেশের জনগণকে অনুরোধ করবো আপনারা স্বাধীনতার বিরোধী শক্তির কোনো প্রার্থীকে ভোট দিবেন না।
কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, ন্যাপ নেতা ইসমাইল হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় হূদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি) পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। হাসপাতালটির উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যে তিনি পরিদর্শন করেন। শুরুতে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের নীচতলায় নতুন চালু হওয়া হেল্প ডেস্কের কার্যক্রম দেখেন। এরপর হাসপাতালের বিভিন্ন বিভাগসহ নির্মিতব্য আইসিইউ, অপারেশন থিয়েটার ঘুরে দেখেন। যার নির্মাণ কাজ প্রায় শেষের পথে। পরিদর্শন শেষে হাসপাতাল পরিচালকের কনফারেন্স রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান হাসপাতালের কার্যক্রম, সফলতা ও ভবিষ্যত্ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।
