জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা হয়েছে: আখতার হোসেন

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৩:২৮

'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে সরকারের আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে মূল ঘটনা সচেতনভাবে বাদ দিয়ে আন্দোলনের অসম্পূর্ণ ও বিকৃত চিত্র তুলে ধরা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের প্রধান অতিথিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের সময় শহীদ পরিবার ও এনসিপি নেতাদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দেয় এবং তারা অনুষ্ঠান বর্জন করেন।

অনুষ্ঠান বর্জন করে বেরিয়ে যাওয়ার পর একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আখতার হোসেন বলেন, এটি কোনো দলীয় অনুষ্ঠান না হয়ে রাষ্ট্রীয় অনুষ্ঠান হওয়া সত্ত্বেও প্রামাণ্যচিত্রটি জুলাই অভ্যুত্থানের পূর্ণাঙ্গ রূপ তুলে ধরতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের বিশাল সমাবেশ এবং সেখান থেকে দেওয়া ঐতিহাসিক এক দফা দাবির ঘোষণা প্রামাণ্যচিত্রে সম্পূর্ণ অনুপস্থিত ছিল বলে উল্লেখ করেন তিনি। এর পরিবর্তে সেখানে তারেক রহমানের একটি অনলাইন বক্তব্যকে এক দফা দাবির ঘোষণা হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

আখতার হোসেন আরও বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান প্রামাণ্যচিত্রটির ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করলেও তার বিশ্বাস, এর দায়িত্বে থাকা ব্যক্তিরা সচেতনভাবেই এই অসত্য ও অসম্পূর্ণ চিত্র ফুটিয়ে তুলেছেন।

প্রদর্শনী চলাকালে জুলাই শহীদ পরিবারের সদস্য ও এনসিপি নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করার সময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের একটি মন্তব্য এবং তার অনুসারীদের আক্রমণাত্মক আচরণের মুখে এনসিপি নেতারা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান বর্জন করে ওয়াকআউট করেন।

জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলামও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অনুষ্ঠানটিকে দেখে সম্পূর্ণ বিএনপির দলীয় আয়োজন মনে হয়েছে। অভ্যুত্থানের মূল নেতাদের বাদ দিয়ে এবং নির্দিষ্ট একটি রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার উদ্দেশ্যে জুলাইয়ের ইতিহাস বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রতিবাদ করলেই প্রতিমন্ত্রীর অনুসারীরা এনসিপি নেতাদের ওপর চড়াও হন বলে তারিকুলের দাবি।

ইত্তেফাক/এএম