জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা অবনতি এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর পল্টনে এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিকে কেন্দ্র করে পল্টন জিরো পয়েন্ট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় তারা ব্যানার-ফেস্টুন নিয়ে সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে স্লোগান দেন।
অবস্থান কর্মসূচি থেকে বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় ১০ দফা জনদাবি তুলে ধরে জোটটি। দাবিগুলোর মধ্যে রয়েছে
-
গত তিন মাসের কথিত ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের গণশুনানি, দোষীদের শাস্তি ও গ্রাহকদের ক্ষতিপূরণ।
-
প্রিপেইড ও পোস্টপেইড মিটারে ডিমান্ড চার্জ, মিটার ভাড়াসহ সব অযৌক্তিক চার্জ বাতিল এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া।
-
গ্যাস সরবরাহ না থাকলে বিল আদায় বন্ধ, গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং নতুন কূপ খননের উদ্যোগ।
-
সিস্টেম লস, চুরি ও অপচয় রোধে কঠোর ব্যবস্থা এবং পাইপলাইন সংস্কার।
-
শিল্প ও বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ এবং জ্বালানি খাতের দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি।
কর্মসূচিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ এবং জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

