প্রযুক্তিপণ্যে আমাদের কিছু ভুল ধারণা

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২০:১৬

আরিফুর রহমান

 

প্রযুক্তিপণ্য বর্তমানে আমাদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে পরিণত হয়েছে। আমরা এগুলো এত পরিমাণে ব্যবহার করি যে, এগুলো ছাড়া এখন আমাদের আর চলে না। অনেক ব্যবহার করার পরও আমাদের এ পণ্যগুলোর প্রতি রয়েছে কিছু ভুল ধারণা, যে ধারণাগুলোকে আমরা সহজেই মেনে নিই। পাঠকদের সুবিধার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্যের প্রতি আমাদের ভুল ধারণাগুলো তুলে ধরা হলো এ লেখায়। জেনে নিন সেই ধারণাগুলো সম্পর্কে —

 

মেমোরি কার্ড হ্যাক হয় না

ডিভাইস ব্যবহারকারী; বিশেষ করে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে প্রচলিত একটি ভুল ধারণা আছে যে, মেমোরি কার্ড কখনো হ্যাকিং অনুষঙ্গ হতে পারে না। তবে নিরাপত্তা গবেষকেরা এরই মধ্যে সতর্ক করে জানিয়েছেন, মেমোরি কার্ড থেকেও স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইস হ্যাক করা সম্ভব। শুধু মোবাইল ডিভাইসই নয়, মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে পার্সোনাল কম্পিউটারও (পিসি) হ্যাক করা সম্ভব।

 

দীর্ঘক্ষণ চার্জে ব্যাটারি  দ্রুত নষ্ট হয়

বিভিন্ন ডিভাইস ব্যবহারকারীদের অধিকাংশই সারা দিন তার মোবাইল বা কম্পিউটিং ডিভাইস ব্যবহারের পর ঘুমানোর সময় তা চার্জে দেন। প্রচলিত একটি ভুল ধারণা, প্রয়োজনের চেয়ে বেশি চার্জ দিলে ব্যাটারির ক্ষতি হয়। তবে এখন পর্যন্ত এ ধরনের কুসংস্কারকে সত্যি বলে মনে হওয়ার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি এখন বিভিন্ন মোবাইল ডিভাইসে যে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়, সেগুলো প্রয়োজনীয় চার্জ হওয়ার পর নিজে থেকেই চার্জিং ব্যবস্থা অকার্যকর হয়ে যায়।

 

ক্যামেরার মেগাপিক্সেল বেশি হলে ছবি ভালো হবে

ডিভাইস ব্যবহারকারী অনেকে মনে করেন, বেশি মেগাপিক্সেল মানেই ভালো ক্যামেরা। ১২ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরায় তোলা ছবির মধ্যে কি খুব বেশি পার্থক্য খুঁজে পাওয়া যায়? ছবির মান নির্ভর করে ক্যামেরা সেন্সরের কার্যকারিতার ওপর; মেগাপিক্সেল কত বেশি তার ওপর নয়। শক্তিশালী সেন্সর বেশি আলো ধারণ করতে পারে। আলো ও সেন্সরই একটি ছবি ভালো হওয়ার প্রধান শর্ত।

 

আইফোনে আইপ্যাড চার্জার ব্যবহার করা উচিত নয়

অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের মধ্যে একধরনের ধারণা প্রচলিত আছে, আইফোন চার্জ দিতে আইপ্যাডের চার্জার ব্যবহার করা উচিত নয়। এ ধারণাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অ্যাপলের জানানো তথ্যমতে, তাদের ১২ ওয়াটের আইপ্যাড অ্যাডাপ্টার দিয়ে আইফোনও চার্জ দেওয়া যাবে। কিন্তু ইলেকট্রনিকস গবেষণা প্রতিষ্ঠান এইআই সিস্টেমসের প্রতিষ্ঠাতা স্টিভ স্যান্ডলার জানান, টানা এক বছর যদি আইপ্যাডের চার্জারের মাধ্যমে আইফোন চার্জ দেওয়া হয়, তবে আইফোনের ব্যাটারির ক্ষমতায় কিছুটা পরিবর্তন লক্ষ করা যাবে।

 

ম্যাক কম্পিউটার ভাইরাস আক্রান্ত হয় না

প্রযুক্তির বিশ্বে একটি ব্যাপক প্রচলিত ভুল ধারণা হলো অ্যাপলের ম্যাক কম্পিউটারে কখনো ভাইরাস আক্রমণ করতে পারে না। অ্যাপল আগে থেকে তাদের কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে পারবে না বলে গর্ব করে আসছে। তবে ২০১২ সালে বিশ্বব্যাপী বিপুলসংখ্যক ম্যাক কম্পিউটার ট্রোজান ভাইরাসে আক্রান্ত হয়। কাজেই গ্রাহকের বিবেচনায় নেওয়া উচিত, এমন কোনো কম্পিউটার নেই, যাতে ভাইরাস আক্রমণ করতে পারবে না। অতএব ডিভাইস যে কোম্পানিরই তৈরি হোক, সাধারণ গ্রাহকদের ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।