রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তা অনুসরণের আহ্বান জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
মুম্বাইয়ে দুই হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত মন্তব্য করেন, ‘জেন জি’ বা নতুন প্রজন্মকে ‘আন্টি-ন্যাশনাল’ হিসেবে দেখার সুযোগ নেই। তার ভাষায়, তারা আমাদেরই লোক।
ভাগবতের এই মন্তব্যের পরদিন শুক্রবার (৭ আগস্ট) বার্তা সংস্থা এএনআই-কে দেয়া এক সাক্ষাৎকারে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে বলেন, গতকাল মোহন ভাগবতের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল তার এই মন্তব্যটি- জেন জি-কে ‘আন্টি-ন্যাশনাল’ বা রাষ্ট্রবিরোধী হিসেবে আখ্যা দেওয়া উচিত নয়।
অভিজিৎ দীপকে আরও বলেন, যেহেতু মোহন ভাগবত বিজেপির অভিভাবক হিসেবে ভূমিকা পালন করেন, তাই আমি চাইবো তিনি এই একই বার্তা বিজেপি এবং নরেন্দ্র মোদীকেও পৌঁছে দিন। আশা করি তারা এবার মোহন ভাগবতের কথা শুনবেন এবং তার পরামর্শ মেনে চলবেন।
বিজেপি আরএসএস-এর কথা অমান্য করবে না বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, বিজেপি আরএসএসকে অমান্য করবে এমন সম্ভাবনা কম। তবে তারা যদি তা করে, তবে বিজেপি যে মোহন ভাগবতের কথাকেও উপেক্ষা করছে, সে বিষয়ে আরএসএসকে নতুন করে ভাবতে হবে।

