কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘আমরা মনে করি না এখনই তারা রাজনীতিতে আসুক। কারণ এই দেশের রাজনীতি তারাই হত্যা করেছে। তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অসংখ্য মায়ের বুক খালি করেছিল, অসংখ্য মানুষ গুম হয়েছিল, গুম হওয়া সকলে ফিরে আসেনি এখনও। এ অবস্থায় আওয়ামী লীগ এখনই রাজনীতিতে চলে আসবে?’
শুক্রবার (৭ আগস্ট) বাগেরহাট সার্কিট হাউজে সাংবাদিকদের সম্মানে এক মত বিনিময়ে সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘এ পর্যন্ত আওয়ামী লীগ এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেনি। সামান্য কোনো অনুশোচনা নেই তাদের। যে দল এ দেশের অসংখ্য মানুষকে গুম করল, খুন করল, অসংখ্য মানুষকে পঙ্গু করল। একটা জেনারেশনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তাদের কোনো অনুশোচনা দেখা গেল না। শুধু দল ভারি করার জন্য তাদের রাজনীতিতে আনা অন্যায়, জঘন্য অপরাধ। এ ধরনের জঘন্য অপরাধ কারো করা উচিত হবে না।’
তিনি সরকারের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, ‘দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। এই জায়গাটা সরকার যত সামাল দিবে, বাংলাদেশের ততো সুন্দরভাবে পরিচালিত হবে। আমরা সংসদের ভিতরে অবশ্যই সহযোগিতা করছি, যেখানে সহযোগিতা করা দরকার আর যেখানে বিরোধিতা করা দরকার সেখানে বিরোধিতা করছি।’
জুলাই সনদ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘এখনো আমরা দুই মেরুতে আছি। দেশের ৭০ ভাগ মানুষের রায়কে অবশ্যই সম্মান করতে হবে। কোনো অবস্থাতেই অপমান করতে দেওয়া হবে না।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদে বিরোধীদলের ভূমিকা বিষয়ে তিনি বলেন, ‘এক সময় সংসদে মারামারি হয়েছে। ফাইল ছুঁড়ে মারা হয়েছে। একে অন্যের দিকে তেড়ে গেছে। অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা সে পার্লামেন্ট চাই না। আমরা একটা সভ্য জগতের পার্লামেন্ট দেখতে চাই। এজন্য প্রথম দিন থেকে বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা ছিল গঠনমূলক। এটা আমরা অব্যাহত রাখব। কোনো উস্কানিতেই এ জায়গা থেকে আমরা সরে আসব না।’

