৯ বছর আগে চুরি হওয়া টিয়া পাখি ‘বার্নি’কে ফিরে পেলেন ব্রিটিশ নাগরিক

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ২৩:০২

প্রায় এক দশক আগে চুরি হওয়া প্রিয় পোষা আফ্রিকান গ্রে টিয়া পাখি ‘বার্নি’কে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়েছেন ব্রিটেনের রবার্ট মর্টিমার। শুক্রবার (৭ আগস্ট) ডেইলি মেইলের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে চুরির ঘটনার ৯ বছর পর গ্রেটার ম্যানচেস্টারের একটি আইকিয়া স্টোরের পার্কিং এলাকা থেকে পাখিটিকে উদ্ধার করা হয় এবং শরীরের মাইক্রোচিপের মাধ্যমে তার আসল মালিককে খুঁজে পাওয়া যায়।

২০১৭ সালের আগস্টে ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ডে রবার্ট মর্টিমারের বাড়িতে চুরির ওই ঘটনায় ল্যাপটপ ও সরঞ্জাম চুরির পাশাপাশি পরিবারের পোষা একটি কুকুরকেও হত্যা করা হয়েছিল। প্রিয় টিয়া পাখি বার্নিকে হারিয়ে সে সময় পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়েছিল। অনেক খোঁজাখুঁজি করেও তখন তার কোনো সন্ধান মেলেনি।

সম্প্রতি অ্যাশটন-আন্ডার-লাইন এলাকার একটি আইকিয়া স্টোরের গাড়ি পার্কে সুস্থ অবস্থায় বার্নিকে ঘুরে বেড়াতে দেখে স্থানীয় এক পশুচিকিৎসক তাকে উদ্ধার করেন। উদ্ধারকেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তি মাইক্রোচিপে থাকা তথ্য ও ইন্টারনেট সার্চের মাধ্যমে ২০১৭ সালের পুরোনো চুরির খবর খুঁজে পান এবং পুলিশের সহায়তায় রবার্ট মর্টিমারের সন্ধান পান।

ফোন পেয়ে প্রথমে অবিশ্বাস্য মনে হলেও পরে উদ্ধারকেন্দ্রে গিয়ে পুরোনো খাঁচায় করে প্রিয় বার্নিকে বাড়িতে ফিরিয়ে আনেন মর্টিমার। বর্তমানে ১৯ বছর বয়সী বার্নি নতুন পরিবেশে মানিয়ে নিচ্ছে এবং তার পুরোনো অভ্যাস অনুযায়ী আবারও ‘হ্যালো’ ও ‘গুড মর্নিং’ বলা শুরু করেছে। মর্টিমার মনে করেন, বৈদ্যুতিক যন্ত্রপাতি বদলানো সম্ভব হলেও প্রিয় কোনো পোষা প্রাণীকে কখনো অন্য কিছু দিয়ে প্রতিস্থাপন করা যায় না।

ইত্তেফাক/এএম