রদ্রির বিকল্প হিসেবে আর্জেন্টাইন তারকার দিকে নজর ম্যানসিটির

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০২:১২

স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজের দলবদল নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, ম্যানচেস্টার সিটি ছাড়ার বিষয়টি এখন বেশ স্পষ্ট। রিয়াল মাদ্রিদের প্রতি নিজের ইতিবাচক মনোভাব ও আগ্রহের আলোচনার এক পর্যায়ে রদ্রি বর্তমানে বার্সেলোনার দিকে ঝুঁকেছেন বলে গুঞ্জন রয়েছে। ৎ

কাতালান ক্লাবটি তাকে দলে টানতে ইতোমধ্যে আলোচনাও শুরু করেছে। স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে হারানোর আশঙ্কা থেকেই তাই এখন থেকেই উপযুক্ত বিকল্প খুঁজতে শুরু করেছে ইংলিশ ক্লাবটি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এবং ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা দি মার্জিওর তথ্য অনুযায়ী, রদ্রি দল ছাড়ার সম্ভাবনা বাড়তে থাকায় মিডফিল্ড শক্তিশালী করতে আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজের দিকে নজর দিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটির কোচ এনজো মারেসকা এই মিডফিল্ডারকে দলে ভেড়াতে অত্যন্ত আগ্রহী। এর আগে লন্ডনের ক্লাব চেলসিতে একসঙ্গে কাজ করার সুবাদে এনজোর সঙ্গে কোচের একটি ভালো সম্পর্ক রয়েছে। মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপজয়ী আলবিসেলেস্তে তারকাও সিটিতে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখতে রাজি আছেন এবং চেলসি যদি সন্তোষজনক প্রস্তাব পায়, তবে আলোচনায় বসতে প্রস্তুত।

তবে এই সম্ভাব্য দলবদলকে বেশ জটিল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ২০২৩ সালের জানুয়ারিতে বেনফিকা থেকে রেকর্ড ১২ কোটি ১০ লাখ ইউরো খরচ করে এনজোকে স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে এসেছিল চেলসি। বর্তমানে তিনি দলটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য। ফলে তাকে দলে ভেড়ানোর প্রক্রিয়াটি সহজ হবে না এবং এখন পর্যন্ত ম্যানসিটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার খবর পাওয়া যায়নি।

এনজো ছাড়াও ম্যানচেস্টার সিটির সংক্ষিপ্ত তালিকায় রয়েছে ফরাসি ক্লাব লিলের ১৮ বছর বয়সী উদীয়মান মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দি। তরুণ এই ফুটবলারকে ভবিষ্যতের জন্য দারুণ সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করা হলেও, প্রিমিয়ার লিগের মতো কঠিন মঞ্চে অভিজ্ঞতার অভাবের কারণে এনজো ফার্নান্দেজকেই বেশি এগিয়ে রাখছে ক্লাবটি। সবমিলিয়ে রদ্রির ভবিষ্যৎ নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই ইতিহাদের ক্লাবটি তাদের মিডফিল্ডের শক্তি অক্ষুণ্ণ রাখতে পরিকল্পনা সাজাতে শুরু করেছে।

ইত্তেফাক/এএম