গুজব ছড়ালেই কঠোর ব্যবস্থা----------স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:৫৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন- গুজব বা মিথ্যা তথ্য একটি দিয়াশলাইয়ের মতো। দিয়াশলাই কাঠি যেমন মুহূর্তেই জ্বলে উঠে ও বিশাল অগ্নিকাণ্ড ছড়াতে পারে, তেমনি কোনো গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে সামাজিক ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্ট করতে পারে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাওরানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে গুজববিরোধী জনসচেতনতামূলক বিজ্ঞাপনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জানাতে চাই গুজব রটানো দণ্ডনীয় অপরাধ। যারাই গুজব ছড়িয়ে দিচ্ছে ও চেষ্টা করছে তাদের আমরা চিহ্নিত করেছি ও চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। তথ্য আমাদের অধিকার। তথ্য সঠিকভাবে যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার বা আপলোড করা যাবে না। ইতোমধ্যে র্যাব সাইবার ক্রাইম সেল গঠন করেছে। যার মাধ্যমে আমরা সাইবার অপরাধীদের নজর রাখছি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কিছু দিন আগে ছোট ছোট স্কুলের ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছিল। যদিও তারা একটা সঠিক কারণেই  রাস্তায় নেমেছিল। কিন্তু গুজব রটিয়ে সেটাকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টাও আমরা দেখেছি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন বলেন, সামাজিক যোগযোগ মাধ্যমে গুজব ছড়ানো এক ধরনের ফৌজদারি অপরাধ। তথ্য-প্রযুক্তি আইন অনুযায়ী গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে।

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, এখন সবার হাতেই স্মার্টফোন। সোস্যাল মিডিয়া এমন হয়ে গেছে, যে লেখাপড়া জানে না সেও এটা ব্যবহার করছে। গুজব ছড়িয়ে রামুতে ভয়াবহ ঘটনা ঘটানো হয়েছে এবং ছাত্র আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। সচেষ্ট না হলে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে সমাজে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করে দিতে পারে ।

র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ডিজিটাল বিপ্লবের আড়ালে এক শ্রেণির বিকারগ্রস্ত, অসুস্থ মানুষ ইন্টারনেটে অপ্রপ্রচার করছে। বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে বিশৃঙ্খলা করার জন্য এক শ্রেণির মানুষ উঠেপড়ে লেগেছে। তারা মিথ্যা অপপ্রচার করে দেশবাসীকে  বিভ্রান্ত করতে চাইছে। আমরা বিশ্বাস করি, দেশবাসী এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।