চ্যাটজিপিটিতে বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১২:০২

বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটির ব্যবহারে বড় পরিবর্তন আনছে ওপেনএআই। আগামী সপ্তাহ থেকে বিনামূল্যের ব্যবহারকারীরা কোনো নির্দিষ্ট বার্তার সীমা ছাড়াই শুধু লেখাভিত্তিক কথোপকথন চালাতে পারবেন। তবে ছবি ও ফাইল ব্যবহারের ক্ষেত্রে আগের মতোই নির্দিষ্ট সীমা থাকবে।

বর্তমানে বিনামূল্যে ও গো প্যাকেজের ব্যবহারকারীরা নির্দিষ্টসংখ্যক বার্তা পাঠানোর পর ব্যবহারের সীমায় পৌঁছে যান। নতুন ব্যবস্থায় লেখাভিত্তিক সাধারণ কথোপকথনের ক্ষেত্রে সেই সীমা তুলে নেওয়া হবে। তবে ছবি বা ফাইল যুক্ত করে প্রশ্ন করা কিংবা অন্যান্য নির্দিষ্ট সুবিধা ব্যবহারে সীমাবদ্ধতা বহাল থাকবে।

আগামী সপ্তাহে বিনামূল্যে ও গো প্যাকেজের ব্যবহারকারীদের জন্য ‘থিংক’ নামে একটি নতুন বোতামও চালু করা হবে। জটিল কোনো প্রশ্নের উত্তর পাওয়ার ক্ষেত্রে এই সুবিধা ব্যবহার করা যাবে। এতে চ্যাটজিপিটি উত্তর দেওয়ার আগে বিষয়টি আরও গভীরভাবে বিশ্লেষণ করে তুলনামূলকভাবে যুক্তিনির্ভর উত্তর দেওয়ার চেষ্টা করবে।

এ ছাড়া এ সপ্তাহ থেকেই এসব ব্যবহারকারীর জন্য চ্যাটজিপিটির প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল হিসেবে জিপিটি-৫.৬ লুনা যুক্ত করা হচ্ছে।

অন্যদিকে প্লাস ও প্রো প্যাকেজের ব্যবহারকারীদের জন্য জিপিটি-৫.৬ সল মডেলেও উন্নয়ন আনা হচ্ছে। ওপেনএআই জানিয়েছে, নতুন সংস্করণে তথ্যের নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে তারিখ, সংখ্যা, উৎস, নিয়ম এবং বিভিন্ন অনুমানের ওপর নির্ভরশীল প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে ভুল কমাতে মডেলটিকে উন্নত করা হয়েছে।

নতুন সংস্করণে উত্তর আরও সরাসরি ও সংক্ষিপ্ত করার পাশাপাশি অপ্রয়োজনীয় তথ্য কমিয়ে আনা হবে। একই সঙ্গে প্লাস ও প্রো ব্যবহারকারীরা নতুন একটি নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় চ্যাটজিপিটি কতটা যুক্তি বিশ্লেষণে ব্যয় করবে, সেটিও নির্ধারণ করতে পারবেন।

ইত্তেফাক/এসজে