রশিদের স্পিন বিষে নীল আইরিশরা, একাই নিলেন ৬ উইকেট 

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১৩:৩২

হাত ঘুরিয়ে ৭.৪ ওভার করলেন রশিদ খান। এর অর্ধেক বলই (২৩) ডট করেছেন তিনি। ৩৪ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেছেন এই লেগ স্পিনার। এতেই ধরাশায়ী হয়ে মাত্র ২০৭ রানেই অলআউট হয়েছে আয়ারল্যান্ড। আফগানরা ওয়ানডে ম্যাচটি জিতেছে ৯২ রানের ব্যবধানে।

আইরিশ-আফগান সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচও বৃষ্টির বাধায় নেমে আসে ৪৭ ওভারে। আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৯৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। ইব্রাহিম জাদরান সর্বোচ্চ ৮৪ ও সেদিকউল্লাহ অটল ৪৫ রান করেন। আইরিশদের পক্ষে দুটি করে শিকার ধরেন মার্ক অ্যাডায়ার ও জয় মুন্দ্রা। 

লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের শুরুটা ভালোই ছিল। ১৪.১ ওভারে ১ উইকেটে ৯৬ রান তোলার পরবর্তী সময়টা কেবলই রশিদের। এরপর ১১১ রান তুলতেই আইরিশরা বাকি ৯ উইকেট হারায়। ৩৩.৪ ওভারে গুটিয়ে যায় ২০৭ রানে। কেড কারমাইকেল আইরিশদের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন।

প্রতিপক্ষের সর্বশেষ ৭ উইকেটের মধ্যে রশিদই ৪ উইকেট নিয়েছেন। মাত্র ৯ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় স্বাগতিকরা। রশিদ ৩৪ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা। তার বোলিং ফিগারে একটি বিষয় মনে রাখার মতো– ৭.৪ ওভার বোলিং করেন মানে ৪৬টি বৈধ ডেলিভারি। এর মধ্যে অর্ধেকই (২৩) ডট!

রশিদ এ নিয়ে ওয়ানডেতে ৭ বার ইনিংসে ন্যূনতম ৫ উইকেট শিকার করলেন। ওয়ানডেতে বর্তমান স্পিনারদের মধ্যে আর কেউই তার চেয়ে বেশিবার ইনিংসে ৫ উইকেট নিতে পারেননি। 

এ ছাড়া ওয়ানডে ইনিংসে রশিদের ৬ উইকেট নেওয়ার কীর্তি এটি তৃতীয়বার। আফগান তারকার সামনে আছেন কেবল পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনিস (৬ উইকেট পাঁচবার)। ওয়ানডেতে রশিদের সেরা বোলিং ফিগার ১৮/৭, ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ইত্তেফাক/জেডএইচ