নরসিংদীতে ঝটিকা মিছিল বের করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট ) রাতে শহরের একাধিক স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নরসিংদী শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তামজীদ আহম্মেদ জয় (২০), নরসিংদী শহর শাখা ছাত্রলীগের ৬ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি সৈয়দ রাব্বি ওরফে রাব্বি মিয়া (২৭) এবং নরসিংদী শহর শাখা ছাত্রলীগের ধর্ম ও ত্রাণ বিষয়ক সম্পাদক বিজয় সাহা (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে নরসিংদী পৌরসভা চত্বর থেকে ছাত্রলীগের একদল নেতাকর্মী হঠাৎ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন স্লোগান দিতে দিতে পৌর চত্বর থেকে সেবাসংঘের মোড় পর্যন্ত গিয়ে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। পরবর্তীতে ঝটিকা মিছিলের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তামজীদ আহম্মেদ জয় নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়ার বাসিন্দা। সৈয়দ রাব্বি ওরফে রাব্বি মিয়া সাটিরপাড়া কুমিল্লা কলোনি এলাকায় হাফিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা। আর বিজয় সাহা পূর্ব ব্রাহ্মন্দীর বাসিন্দা।
নরসিংদী মডেল থানার ওসি এ আর এম আল-মামুন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব ফেলার চেষ্টা ও অনাকাঙ্ক্ষিত মিছিলের ঘটনায় তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান পরিচালনা করা হয়। এতে মিছিলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

