নাটোরে বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ৪

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১৭:০৪

যাত্রীবাহী একটি যাত্রীবাহী বাস ও গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনায় নিহত বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। শনিবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার হাজিরহাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, নছিমনের আরোহী আক্কাস আলী (৫৮), তার ভাই জাহাঙ্গীর হোসেন (৪৮), ব্যবসায়ী আবদুর রহমান (৭০) ও নছিমনের চালক লিটন (৩২)। আক্কাস আলী ও জাহাঙ্গীর হোসেনের বাড়ি বড়াইগ্রাম উপজেলার ধামানিয়াপাড়া গ্রামে। আবদুর রহমানের বাড়ি একই উপজেলার লক্ষীকোলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আক্কাস, জাহাঙ্গীর ও আবদুর রহমান নছিমনে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। তাদের বহনকারী নছিমনটি গুরুদাসপুরের হাজিরহাট গ্যাসপাম্পের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনে থাকা আবদুর রহমান ঘটনাস্থলেই মারা যান। আক্কাস আলী বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং জাহাঙ্গীর হোসেন রাজশাহীতে নেওয়ার পথে মারা যান। এছাড়া নছিমনের চালক লিটন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। 

বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও নছিমন থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান আছে।

ইত্তেফাক/এমএসআর