ব্যবসায়িক মন্দা, পর্যাপ্ত কার্যাদেশের অভাব, ব্যাংকিং সহযোগিতা না পাওয়া ও গ্যাস সংকটের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার ৫৬৫ শ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (৮ আগস্ট) সকালে আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অবস্থিত রপ্তানিমুখী অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগ থেকে জারি করা নোটিশে এ তথ্য জানানো হয়। ছাঁটাইয়ের সিদ্ধান্ত গতকাল শনিবার থেকেই কার্যকর করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে কারখানাটিতে ব্যবসায়িক মন্দা দেখা দিয়েছে। প্রয়োজনীয় ব্যাংকিং ও আর্থিক সহযোগিতা না পাওয়া এবং পর্যাপ্ত কাজের স্বল্পতায় উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় কারখানার অস্তিত্ব রক্ষা ও ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখতে কর্তৃপক্ষ অতিরিক্ত শ্রমিক কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
নোটিশে আরও বলা হয়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ২০ অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করে ৫৬৫ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। চাকরির মেয়াদ অনুযায়ী তাঁদের আইনগত পাওনা ও ক্ষতিপূরণ পরিশোধ করা হবে। পাশাপাশি শ্রম আইনের ধারা ২১ অনুযায়ী, আগামী এক বছরের মধ্যে কারখানায় কাজের পরিধি বৃদ্ধি পেলে বা নতুন শ্রমিক নিয়োগের প্রয়োজন হলে ছাঁটাই হওয়া শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনরায় কাজে নেওয়ার সুযোগ থাকবে।
কারখানাটির সুইং শাখার অপারেটর মো. জিয়ারুল হক বলেন, তিন দিনের ছুটিতে দিনাজপুরের বাড়িতে যাওয়ার পর মোবাইল ফোনে ছাঁটাইয়ের নোটিশ পেয়েছেন। কেন তাঁকে ছাঁটাই করা হয়েছে, তা তিনি জানেন না। চাকরি হারিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছেন।
কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক জাঈম আহমেদ বলেন, কারখানায় বর্তমানে কোনো অর্ডার ও পর্যাপ্ত কাজ নেই। এ কারণে শ্রমিক ছাঁটাই করা হয়েছে। কাজের অর্ডার এলে আবার শ্রমিক নিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ব্যবসায়িক মন্দার কথা বলে ছুটির মধ্যে একযোগে এত শ্রমিক ছাঁটাই অমানবিক। তিনি ছাঁটাইয়ের নোটিশ প্রত্যাহার, শ্রমিকদের পুনর্বহাল এবং বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবি জানান।
শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পরিচালক মমিনুল ইসলাম বলেন, পর্যাপ্ত কার্যাদেশ না থাকা ও গ্যাস সংকটের কারণে সৃষ্ট ব্যবসায়িক মন্দার কারণে কারখানাটি কিছু শ্রমিক ছাঁটাই করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তার কাছে নেই।

