কাঁচা চামড়া নিয়ে কারসাজির সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছে ক্যাব

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২১:১২

চট্টগ্রাম অফিস

কাঁচা চামড়া নিয়ে কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের নেতারা। গতকাল শনিবার এক বিবৃতিতে ক্যাব নেতারা বলেন, কৌশলে ট্যানারির মালিক ও আড়তদারেরা পরস্পকে দোষারোপ করে চামড়াশিল্পে নজিরবিহীন ধস নামিয়েছেন। সরকার ট্যানারির মালিকদের বিপুল পরিমাণ ব্যাংকঋণ দিলেও আড়তদারদের কোনো অর্থ প্রদান করেনি। আর আড়তদারেরা বিপুল বকেয়া আদায়ে কোনো আইনি বা প্রশাসনিক প্রতিকার চাননি। বিষয়টি অনেকটাই সাজানো গেম ছাড়া কিছু নয়। ট্যানারির মালিক ও আড়তদারদের এই চক্রান্তের কারণে গরিব, মিসকিন ও এতিমের হক ধ্বংসের পাশাপাশি সম্ভাবনাময় চামড়াশিল্প মারাত্মক হুমকির মুখে পড়তে যাচ্ছে। তাই চামড়ার প্রকৃত মূল্য নিশ্চিত করতে কাঁচা চামড়া রূপ্তানির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ক্যাব নেতারা সরকারি উদ্যোগে চামড়া রপ্তানি করা এবং চামড়ার কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান, ক্যাব মহানগরের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ।

চট্টগ্রামে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

নগরীর পাহাড়তলীর ভেলুয়ারদিঘি এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ইঞ্জিনিয়ার কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো. ফয়সাল ও মো. ইয়াছিন আরাফাত সাদ্দাম।

পাহাড়তলী থানার পুলিশ জানায়, কলোনির ই/বি ১০ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজতে থাকা দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেছে।