‘বদলি’ হিসেবে খেলতে গিয়ে টিম অব দ্য টুর্নামেন্টে হৃদয়

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৭:০৬

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) শিরোপা জিততে পারেনি তাওহীদ হৃদয়-সাকিব আল হাসানের দল জাফনা কিংস। ফাইনালে গল গ্যালান্টসের কাছে ৫ উইকেটে হেরেছে জাফনা। 

দল শিরোপা জিততে না পারলেও দারুণ পারফরম্যান্সে টিম অব দ্য টুর্নামেন্টে জায়গা করে নিয়েছেন হৃদয়। তিনজন বিদেশির মধ্যে জায়গা করে নিয়েছে এই টাইগার ব্যাটার। জাফনার হয়ে ৫ ম্যাচ খেলে ৭৫.৫০ গড় এবং ১৯৮.৬৮ স্ট্রাইকরেটে ১৫১ রান করেছেন তিনি। 

অথচ লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার সুযোগই হতো না হৃদয়ের। বাংলাদেশেরই আরেক তারকা তাসকিন আহমেদের বদলি হিসেবে শেষ মুহূর্তে দলে যোগ দেন হৃদয়। তার যোগ দেওয়ার পরই জাফনার ব্যাটিং অর্ডারে শক্তি বাড়ে। 

জাফনার হয়ে পাঁচ ইনিংসে হৃদয়ের রান-৩৫*, ৩১*, ২১, ৫৪* ও ১০। প্রতিটি ইনিংসই এসেছে দুর্দান্ত স্ট্রাইক রেটে। তার বিস্ফোরক ব্যাটিংই দলকে ফাইনালে ওঠার পথে বড় ভূমিকা রাখে।

টিম অব দ্য টুর্নামেন্ট: লাহিরু উদারা (ক্যান্ডি রয়্যালস), স্যাম হার্পার (গল গ্যালান্টস), কামিল মিশারা (জাফনা কিংস), চারিথ আসালাঙ্কা (গল গ্যালান্টস), কামিন্দু মেন্ডিস (কলম্বো ক্যাপস), তাওহীদ হৃদয় (জাফনা কিংস), দুনিথ ওয়াল্লালাগে (জাফনা কিংস), ওয়ানুজা সাহান (কলম্বো ক্যাপস), ইশান মালিঙ্গা (গল গ্যালান্টস), লিজাড উইলিয়ামস (জাফনা কিংস), নুয়ান থুসারা (ক্যান্ডি রয়্যালস)। 

ইত্তেফাক/জেডএইচ