বিএসএমএমইউতে ঈদ পুনর্মিলনী

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২১:১২

ইত্তেফাক রিপোর্ট

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডা. মিলন হলে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে পবিত্র ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, চিকিত্সক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ত্যাগের মহিমায় সমুজ্জ্বল, সৌহার্দ্য, সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ প্রমুখসহ ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক ও অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।

বিএসএমএমইউতে বিনামূল্যে চিকিত্সা পেল ৩৫২৩ জন

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগে সাড়ে ৩ হাজারেরও বেশি রোগীকে বিনামূল্যে চিকিত্সাসেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুুপুর দেড়টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিত্সকরা এ চিকিত্সাসেবা প্রদান করেন। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রোগীদের এক্সরে, ইসিজি, রক্ত পরীক্ষাসহ রুটিন পরীক্ষা-নিরীক্ষাও বিনামূল্যে করা হয়। এর আগে সকাল ৯টায় বহির্বিভাগে বিএসএমএমইউ-এর অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ মহতী সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।