ভারতের ক্রিকেটের বিস্ময়-বালক বৈভব সূর্যবংশী। মারকুটে ব্যাটিং দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে আইপিএলের মেগা মঞ্চ—সবখানেই নিজের জাত চিনিয়েছেন তিনি। মাত্র ১৫ বছর বয়সেই নিজের ব্যাটিং দিয়ে অনেক সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের মুগ্ধ করেছেন। অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লিও তাদের একজন। তবে সূর্যবংশীর বিপক্ষে নিজে বল করলে কী পরিকল্পনা করতেন, সেটিও জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই পেস কিংবদন্তি।
ভারতের বিয়ারবাইসেপস ইউটিউব চ্যানেলে সূর্যবংশীর বিপক্ষে তার বোলিং পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল ব্রেট লির কাছে। লি জানিয়েছেন, সূর্যবংশীর হুক ও পুল শটের দক্ষতাকেই চ্যালেঞ্জ জানাতেন তিনি। তার পরিকল্পনা থাকত শর্ট বল করা।
ব্রেট লি বলেন, ‘কেউ যদি ভালো হুক বা পুল খেলতে পারতো, আমি সেটা পছন্দ করতাম। কারণ, তখন লড়াইটা জমে যায়। সূর্যবংশীর বিপক্ষে আমি আগে তার ব্যাটিং বিশ্লেষণ করতাম। এরপর সুযোগ বুঝে হেলমেটের কাছাকাছি বল করতাম। ও হয়তো আমাকে ছক্কাও মারতে পারতো। কিন্তু তাতে আমি নিরুৎসাহিত হতাম না।’
সূর্যবংশীর বয়স এখন ক্রিকেট–বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। ভারতের বাইরে অনেকের প্রশ্ন, মাত্র ১৫ বছর বয়সে কীভাবে তিনি এতটা পরিণত ক্রিকেট খেলছেন।
তবে ব্রেট লির কাছে বয়সের চেয়ে গুরুত্বপূর্ণ সূর্যবংশীর সামর্থ্য। তিনি বলেন, ‘ও অবিশ্বাস্য। ভারতের বাইরে সবাই জানতে চায়, আসলেই ওর বয়স ১৫ কি না। এটাই যেন সবচেয়ে বড় আলোচনার বিষয়। কিন্তু আমি ওর বয়স নিয়ে মাথা ঘামাই না। ১৫ হলে ভালো, ১৭, ১৮ হলেও কী সমস্যা!’

