স্ত্রীর পাশে সমাহিত সিনিয়র বুশ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২৩:০০

সাবেক মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র বুশ স্ত্রীর পাশে সমাহিত হচ্ছেন। টেক্সাসে কলেজ স্টেশনের বুশ প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি চত্বরে স্ত্রী বারবারা বুশ সমাহিত আছেন। গত এপ্রিলে বারবারা বুশ মারা যান। খবর ডেইলি মেইল অনলাইনের

বুধবার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ান বিমানে জর্জ এইচ ডাব্লিউ বুশের মরদেহ টেক্সাসে নিয়ে যাওয়া হয়। মরদেহের সঙ্গে ছেলে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ও পরিবারের অন্য সদস্যরা ছিলেন। বুধবার সন্ধ্যায় মরদেহ বহনকারী বিমানটি টেক্সাসে পৌছায়। মার্কিন পতাকায় মোড়ানো কফিনটি টেক্সাসের হিউস্টনে সেইন্ট মার্টিন এপিসকোপাল গির্জায় আনা হয়। সেখানে রাজ্যের পক্ষ থেকে শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবারই সিনিয়র বুশকে সমাহিত করার কথা। এর আগে বুধবার সকালে ওয়াশিংটন ডিসিতে সিনিয়র বুশের রাষ্ট্রীয় শ্রদ্ধানুষ্ঠান  অনুষ্ঠিত হয়। এতে পাঁচজন প্রেসিডেন্ট অংশ নেন। এদের মধ্যে একজন সিনিয়র বুশের (৪১তম প্রেসিডেন্ট) ছেলে ও ৪৩তম মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ। শ্রদ্ধা জানাতে আসেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন এবং সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ও ফার্স্ট লেডি রোজানিল কার্টার। তারা একই সারিতে বসেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর এই প্রথম একসঙ্গে পাঁচ প্রেসিডেন্টের একত্র হওয়ার ঘটনা ঘটলো। আর সামনে বাবার প্রশংসামূলক বাণী শোনাচ্ছিলেন জুনিয়র বুশ। বুশ তার বাবার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এদিকে সিনিয়র বুশের মরদেহ ত্যাগ করার আগে শ্রদ্ধা অনুষ্ঠান ত্যাগ করায় সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অন্যান্য সবার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা হলেও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে আলাপ হয়নি। শ্রদ্ধা জানাতে বিশ্ব নেতারাও আসেন। এছাড়া ব্রিটিশ প্রিন্স চার্লসও সিনিয়র বুশের প্রতি শ্রদ্ধা জানান। স্থানীয় সময় গত শুক্রবার ৯৪ বছর বয়সে সিনিয়র বুশ মারা যান।