সোমবার গাইবান্ধা যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৯:৫৫

গাইবান্ধা সফরে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল সোমবার (১০ আগস্ট) তিনি জেলার সাঘাটায় যাবেন।

গত ২১ জুন সাঘাটায় হামলায় নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন তিনি।

রোববার (৯ আগস্ট) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের পর সাঘাটায় আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সাঘাটা উপজেলার বোনারপাড়া-কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং গাইবান্ধা জেলা আমির আবদুল করিম।

সমাবেশে সভাপতিত্ব করবেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়ারেছ।

 
ইত্তেফাক/এমএএম