চৌমুহনী শহরের প্রধান সড়কে মাছ ও তরকারির দোকান!

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২১:১৪

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা

বাণিজ্যিক শহর চৌমুহনীর প্রধান সড়কের ওপর মাছ ও তরকারিসহ বিভিন্ন দোকান বসার ফলে যানজটের সৃষ্টি হয়। এতে জনসাধারণের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সড়কের ওপর  দোকানপাট, নিয়ন্ত্রণহীন রিকশা ও অটোরিকশার পার্কিংয়ের ফলে শহরের পূর্ব বাজার থেকে রেলক্রসিং পার হয়ে ডেলটা গেট পর্যন্ত সব সময় যানজট লেগে থাকে।  অথচ এ সড়কটি এতই ব্যস্ত যে, দিনরাত যানবাহন ও মালবাহী ট্রাক, পিকআপ চলাচল করে থাকে। সড়কটির ওপর দিয়ে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সমস্ত লোকাল এবং আন্তঃজেলা যানবাহন ও মালবাহী গাড়ি চলাচল করে থাকে। তাছাড়া চৌমুহনী শহরে দৈনিক কয়েকশ ট্রাক পিকআপ মালামাল নিয়ে আসা-যাওয়া করে থাকে।

চৌমুহনী পৌরসভার সচিব মো. কাইউম উদ্দিন জানান, পৌরসভা প্রধান সড়কের ওপর দোকান বসানোর জন্য কাউকে ডাক দেওয়া হয়নি। অবৈধ দোকান উঠিয়ে দেওয়ার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তারপরও অবৈধ দোকান বসে যায়।

চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবীর জানান, একজন ব্যবসায়ী লাখ লাখ টাকা পুঁজি খাটিয়ে, পৌরসভার যাবতীয় করের টাকাসহ আয়কর, ভ্যাট ইত্যাদি প্রদান করেও ব্যবসা করতে পারছে না। কারণ অবৈধ দোকানের ফলে ব্যবসা প্রতিষ্ঠানে ঢোকার জায়গা নেই। এ ব্যাপারে পৌরসভাও বলিষ্ঠ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম জানান, মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনেকের জরিমানা করা হয়েছে। কারও কারও মালামাল জব্দ করা হয়েছে। কিন্তু পরক্ষণে আবার দোকান বসে যায়। চৌমুহনী শহরের ফুটপাত ও সড়কের ওপর থেকে অবৈধ দোকান অপসারণ করতে হলে পৌর কর্তৃপক্ষ ও রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন।