বিমানবন্দরে গোপন অভিযান, স্বর্ণালংকারসহ প্রায় ৫৬ লাখ টাকার পণ্য জব্দ

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ২৩:৫০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টন সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট।

রোববার (৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে এসব অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিআইআইডি সূত্রে জানা যায়, দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-০৫৮২ ফ্লাইটের যাত্রী মেহেদী হাসানের ব্যাগেজ তল্লাশি করে ১৪৯ কার্টন সিগারেট ও ৪০ কেজি গৌরি ক্রিম উদ্ধার করা হয়।

একই ফ্লাইটের অপর যাত্রী মোহাম্মদ আব্দুল কাইয়ুমের ব্যাগেজ তল্লাশি করে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১০ কার্টন সিগারেট ও ৩ কেজি গৌরি ক্রিম পাওয়া যায়।

অন্যদিকে, দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ নওয়াজ শরীফের ব্যাগেজ তল্লাশি করে ৭০ কেজি গৌরি ক্রিম ও চারটি স্মার্টফোন জব্দ করা হয়।

সব মিলিয়ে সিআইআইডির সি-শিফটের অভিযানে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টন সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব পণ্যের সম্মিলিত আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।

সিআইআইডি জানায়, বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এসব পণ্য জব্দ করা হয়েছে। গোপন তথ্য সংগ্রহ, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে ঝুঁকিপূর্ণ ফ্লাইট ও যাত্রী শনাক্ত করে চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।

 
ইত্তেফাক/এমএস