ঢাকামুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়!

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২১:১৫

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

দাউদকান্দিতে ঈদুল আজহা পরবর্তী যাত্রী চাপ এবং সড়কে যানবাহন কম থাকার সংকটকে পুঁজি করে এক শ্রেণির বাসমালিকরা বাসের ভাড়া বাড়িয়ে দিয়েছে। লোকাল বাসে করে দাউদকান্দির গৌরীপুর থেকে ঢাকা যেতে যেখানে ৬০/৭০ টাকা ভাড়া লাগে সেখানে ১৫০ থেকে ক্ষেত্রবিশেষে ২০০ টাকা যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে। চট্টগ্রাম ও কুমিল্লা থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসগুলোও অতিরিক্ত ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে।

ঢাকামুখী যাত্রী শরিফ হোসেন বলেন, ‘সকালে ৯টার সময় গ্রামের বাড়ি থেকে রওনা হয়ে ১০টায় গৌরীপুর এসে পৌঁছেছি। এখানে এসে দেখি হঠাত্ করে বাসের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা নিম্ন আয়ের মানুষ, গ্রাম থেকে ঢাকায় যাই লোকাল বাসে করে। এখানে সব লোকাল বাস এখন সিটিং হয়ে গেছে। আগে যেখানে সায়েদাবাদ যেতে ভাড়া নিত ৬০/৭০ টাকা এখন ঈদের যাত্রী চাপকে পুঁজি করে চালক-হেলপাররা ভাড়া বাড়িয়ে দিয়েছে। ১৫০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।’

ঢাকামুখী যাত্রী আমির হোসেন বলেন, ‘আমি ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে জব করি। আমার অফিস ইতিমধ্যে খুলে ফেলেছে। কিন্তু আমি এখনো যেতে পারিনি। একে এখানে বাসের স্বল্পতা রয়েছে অন্যদিকে একটা সিন্ডিকেট এখানে লোকাল বাসের ভাড়া বাড়িয়ে দিয়েছে। আমরা যারা স্বল্প আয়ের মানুষ তাদের জন্য বিষয়টা বেশ বেদনাদায়ক।’

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘স্ট্যান্ডে বাসগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে এরকম তথ্য আমরা পাওয়ার পর আমাদের আইনে যতটুকু সম্ভব আমরা ব্যবস্থা নিচ্ছি। এ ছাড়া আমরা ইউএনওকে অবশ্যই বিষয়টা জানাব।’