বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
অনিয়ম, দুর্নীতি ও দায়িত্ব পালনে অবহেলার কারণে নাটোর পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর বাগমারা জোনাল কার্যালয়ের ডিজিএম মো. রেজাউল করিমসহ ছয় কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। স্ট্যান্ড রিলিজ হওয়া অন্য কর্মকর্তারা হলেন একই অফিসের এজিএম (কম) রবীন্দ্র বসাক, জুনিয়র প্রকৌশলী লুত্ফর রহমান, মারফত আলীসহ দুই লাইনম্যান রয়েছেন। নাটোর পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. সোহরাব হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ গতকাল শনিবার বাগমারা পল্লী বিদ্যুত্ কার্যালয়ে পৌঁছালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাত্ক্ষণিক এই বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. সোহরাব হোসেন ও বাগমারা জোনাল কার্যালয়ের ডিজিএম মো. রেজাউল করিম।
এ প্রসঙ্গে নাটোর পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার মো. সোহরাব হোসেন জানান, ঐ দিনের ঘটনায় নিহত রিয়াজ উদ্দিন দীর্ঘদিন পূর্বে পল্লী বিদ্যুতের বাগমারা জোনাল কার্যালয়ে দৈনিক মজুরি ভিত্তিতে (খণ্ডকালীন শ্রমিক) কাজ করত। পরে সে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করলে তাকে পল্লী বিদ্যুত্ থেকে অব্যাহতি দেওয়া হয়। তারপর সে ঐ অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে তিনটি বাড়িতে অবৈধভাবে মিটার স্থাপন করেছে, পরে সেখানে বিদ্যুত্ সংযোগ দিতে গিয়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিছক দুর্ঘটনা নয়। এর সঙ্গে অনিয়ম দুর্নীতি ও কর্তব্যে অবহেলার বিষয়টি তদন্তে ওঠে এসেছে। তাই তাদের তাত্ক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে একটি তদন্ত প্রতিবেদন পল্লী বিদ্যুতের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে পরবর্তীতে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
