রুয়েট শিক্ষককে মারধরের ঘটনায় মামলা

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২১:১৭

স্টাফ রিপোর্টার, রাজশাহী

স্ত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক রাশিদুল ইসলামকে মারধরের ঘটনায় শুক্রবার বিকালে থানায় মামলা হয়েছে। রাশিদুল ইসলামের স্ত্রী তাবাসসুম ফারজানা বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেছেন। বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১০ আগস্ট রাতে রাজশাহী মহানগরীর মনিচত্বর এলাকায় বখাটেদের পিটুনির শিকার হন রুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক রাশিদুল ইসলাম।

ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশপাশে থাকা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখেছেন। কিন্তু কিছু বুঝতে পারেননি। এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যাচ্ছে না। তবে তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত কাজ শুরু করেছেন। জড়িতদের দ্রুতই শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।