মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৯:৩০

মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই আমাদের সব চাইতে ‘ঘনিষ্ঠতম ও জরুরি বন্ধু এবং মিত্র’ বলে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। আর এই স্থিতিশীলতার অন্যতম ভিত্তি হলো বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

তিনি বলেন, আমাদের এই এলাকার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে; আমরা বিভিন্ন ধর্মের মানুষের আবাস এলাকা হিসেবে একই সঙ্গে বাস করছি। আমাদের মধ্যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি দীর্ঘদিন ধরে আমরা চর্চা করছি এবং বহন করছি। যা আজকের এই আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে প্রতিফলিত হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, আমরা জানি, আমাদের দেশ তুলনামূলকভাবে একটা অর্থনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই অর্থনৈতিক সংগ্রামকে একটা সমৃদ্ধশালী অর্থনীতিতে নিতে হলে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। সেই কারণে দেশের সকল বাসিন্দাদের মধ্যে একটা সামাজিক সম্প্রীতির সম্পর্ক দরকার। এটা কেবল সুখ-শান্তির ব্যাপার নয়; এটা দেশের একটা অর্থনীতির সমৃদ্ধিরও বিষয়।

মন্ত্রী আরও বলেন, আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকরা যে পণ্য উৎপাদন করে সেটা আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি। এরমধ্যে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করি একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আমাদের দেশের অনেক অভিবাসীরাও যুক্তরাষ্ট্রে কাজ করে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে রেমিট্যান্স দেশে পাঠায়। ফলে গার্মেন্টস রপ্তানীর প্রধান কেন্দ্রবিন্দু এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি অভিবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের দেশে সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করেছে। ফলে এই বিনিয়োগের টাকাও আমাদের দেশের অর্থনীতির প্রক্রিয়াতে একটা গুরুত্বপূর্ণ সম্পদ। সেই বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই আমাদের সব চাইতে ‘ঘনিষ্টতম এবং জরুরি বন্ধু এবং মিত্র’।

ঘন্টাব্যাপী চলা আন্তঃধর্মীয় সংলাপে চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের সঞ্চালনায় মুসলিম, হিন্দু ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।

এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, বশির আহম্মেদ পান্না, ধর্মীয় নেতা মাওলানা আসাদুজ্জামান, যতীন্দ্রনাথ মিস্ত্রী, ফাদার মাইকেল দেউরি।

সংলাপ শেষে দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদী উপজেলার সরিকলস্থ বাসভবনে দুপুরে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন রাষ্ট্রদূত। মার্কিন রাষ্ট্রদূত সস্ত্রীক গৌরনদীতে আগমন করায় তিনি (তথ্যমন্ত্রী) এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইত্তেফাক/এনএ