আশুলিয়ায় নিখোঁজ অটোভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৯:৪৭

আশুলিয়ার মরাগাং এলাকা থেকে সুজন হাওলাদার (৪০) নামে এক অটোভ্যান চালকের ক্ষতবিক্ষত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১০ আগস্ট) বিকেলে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ নম্বর পিলারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুজন ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার গ্রামের বাড়ি বরিশালে।

পুলিশ জানায়, গত ৮ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন সুজন। সোমবার বিকেলে স্থানীয়রা মরাগাং এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

 
ইত্তেফাক/এমএএম