আটক চার, টাকা ও স্বর্ণালংকার উদ্ধার
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড় পৌর এলাকার কমপাড়ায় গত শুক্রবার ভোর রাতে মো. ইউছুফ নামে এক চাল ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঐ বাসা থেকে নগদ সাড়ে ৩ লাখ টাকা ও প্রায় ৭ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এদিকে পুলিশ তাত্ক্ষণিক অভিযান চালিয়ে ডাকাতির নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চারজনকে আটক করেছে। আটককৃতরা হলো—স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা ও পৌরসভার তৈচালাপাড়ার নুরুল আমিনের ছেলে নজরুল ইসলাম (৩৯), নোয়াখালীর সুধারাম থানার পশ্চিম শুলকিয়া চৌধুরিবাড়ির মৃত চৌধুরি মিয়ার ছেলে শাহ আলম প্রকাশ টুকু(৩৫), চট্টগ্রামের মীরসরাইয়ের মালিয়াইশ গ্রামে ধন গাজি মাঝিবাড়ির আহসানউল্লাহ প্রকাশ নুরুজ্জামনের ছেলে নুরুন্নবী প্রকাশ নাজিমউদ্দিন (৩২) ও রামগড়ের তৈচালাপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে নুরল ইসলাম প্রকাশ নুর ইসলাম (৩৫)। এদিকে ডাকাতির ঘটনায় আটক নজরুল ইসলাম দলীয় অনুমোদিত কোনো কমিটির পদে নেই বলে জানিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল ফরায়েজী।
