খুলনা নগরের সোনাডাঙ্গা থানাধীন করিমনগর এলাকায় বাসায় ঢুকে দুর্বৃত্তদের চালানো গুলিতে শিমুল বেগম (৪০) নামের এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
আহত শিমুল বেগম স্থানীয় মুঠোফোন ব্যবসায়ী মো. মুকুলের স্ত্রী। তারা ওই এলাকার একটি ভবনের তিনতলায় ভাড়া থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুটি মোটরসাইকেলে করে আসা পাঁচ অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই ভবনের নিচতলার ফটক খুলে সরাসরি তিনতলায় উঠে যান। সেখানে তারা মুকুলের কলেজপড়ুয়া ছেলেকে খুঁজতে থাকেন। তাদের কাছে ছেলেকে খোঁজার কারণ জানতে চাইলে মুকুলের সঙ্গে তাদের হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে দুষ্কৃতকারীদের একজন মুকুলকে লক্ষ্য করে গুলি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা স্ত্রী শিমুল বেগমের কোমরের পেছনের ডান পাশে গিয়ে লাগে। পরে আহত শিমুলকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন।
ঘটনার বর্ণনা দিয়ে মুকুল বলেন, তার ছেলে বাড়িতে নেই, এ কথা আগত ব্যক্তিদের জানানোর পরও তারা সেখানে অবস্থান করছিলেন। একপর্যায়ে তাদের একজন তাকে (মুকুল) লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার স্ত্রী শিমুল বেগমের কোমরের পেছনের ডান পাশে লাগে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, মুকুল ও তার পরিবার এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত। কেন-এ হামলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

