কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৯:৪৯

গত কয়েক মাস ধরে হুমকি পাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তবে এবার এক চিঠিতে সৌরভ ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলির প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরভ।

সোমবার (১০ আগস্ট) এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, তাদের কাছে অভিযোগ দায়ের করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার। বর্তমানে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রধান। বার্তা সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, চিঠি কোথায় থেকে আসছে, কারা পাঠাচ্ছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত প্রায় ছয় মাস ধরে সাবেক এই ভারতীয় অধিনায়কের নামে এমন একাধিক হুমকিচিঠি এসে পৌঁছালেও শুরুতে বিষয়টি হালকাভাবে দেখা হয়েছিল এবং তেমন গুরুত্ব দেওয়া হয়নি। তবে সোমবার সৌরভের কার্যালয়ে পাওয়া দুটি চিঠিতে পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। চিঠিতে সৌরভ ও তার স্ত্রী দোনা গাঙ্গুলীকে সরাসরি প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার পাশাপাশি তাদের ঘনিষ্ঠজনদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়।

ঘটনাটি নিশ্চিত করে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে পুলিশ তদন্তে নেমেছে। পুরো বিষয়টি উন্মোচনে প্রেরক ও মূল অভিযুক্তকে দ্রুত শনাক্ত করতে চিঠির বিষয়বস্তু, প্রাপ্তির মাধ্যম এবং কুরিয়ার ট্রেইল পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চিঠিগুলো কোনো একটি নিবন্ধিত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে এবং তা সম্ভবত উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘড়িয়া এলাকার এক ব্যক্তির কাছ থেকে এসেছে।

ইত্তেফাক/জেডএইচ