স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে রাসেল ডমিঙ্গোর অভিজ্ঞতার ভান্ডার খুবই সীমিত। জাতীয় দলের কোচিং তিনি এর আগে একবারই করিয়েছেন, সেটাও নিজের দেশ দক্ষিণ আফ্রিকার। এবারই প্রথমবারের মতো নিজের পরিচিত আঙিনা ছেড়ে বাইরে আসলেন। সেটাও শুরু হলো উপমহাদেশ দিয়ে।
নতুন এ দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ৪৪ বছর বয়সি ডমিঙ্গো। তিনি বাংলাদেশ-চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন। বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে তার নাম ঘোষণার পর তিনি বলেন, ‘বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে আমি নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। আমি মনে করি জাতীয় দলের কোচিংয়ে ফেরার জন্য এটাই আমার জন্য সঠিক সময়। আশা করি, আমি দক্ষিণ আফ্রিকাকে একটা ভালো হাতেই রেখে যেতে পেরেছি।’
সর্বশেষ ডমিঙ্গো দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আপাতত মালিবোঙয়ে মাকেতাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পাওয়ায় ডমিঙ্গোকে শুভেচ্ছা জানিয়ে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) ক্রিকেট পরিচালক কোরি ভ্যান জিল বলেন, ‘ক্যারিয়ারের নতুন চ্যালেঞ্জ গ্রহণের সুযোগ পাওয়ায় আমরা রাসেলকে অভিনন্দন জানাতে চাই। ও কী করতে যাচ্ছে, সেটা আমাদের আগে থেকেই জানিয়েছিল। যদিও, ওকে হারিয়ে আমরা হতাশ। তবে, আমরা খুবই গর্বিত যে আমাদেরই এক জন কোচ বৈশ্বিক মহলে কাজ করার সুযোগ পেয়েছে।’
ক্রিকেটার হিসেবে ডমিঙ্গোর ক্যারিয়ার আহামরি কিছু নয়। তিনি খুব অল্প বয়সেই কোচিং শুরু করেন। তিনি ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দলের কোচিং করানোর সুযোগ পান। সেবার বাংলাদেশের মাটিতে বিশ্বকাপে তার অধীনেই অংশ নিয়েছিল দক্ষিণ আফ্রিকার যুবারা।
এরপর ২০১০ সালের বাংলাদেশ সফরে তিনি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কোচ হিসেবে এসেছিলেন। পরের বছর, মানে ২০১১ সালে তিনি দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান।
২০১২ সালের ডিসেম্বরে গ্যারি কারস্টেনকে সরিয়ে তাকে প্রোটিয়াদের টি-টোয়েন্টি দলের প্রধান কোচ করা হয়। এরপর ২০১৩ সালে তিনি সব ফরম্যাটেই দলটির কোচিংয়ের দায়িত্ব পান। দায়িত্বে তিনি বহাল ছিলেন ২০১৭ সাল পর্যন্ত।
জাতীয় দলের কোচ হিসেবে তার সর্বোচ্চ সাফল্য হলো ভিন্ন দুটি ফরম্যাটে দলকে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠানো। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মাটিতে সেমিফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা। এর পরের বছর, ৫০ ওভারের বিশ্বকাপেও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে সেমিফাইনালে উঠেছিল দলটি। দুই বারই কোচ ছিলেন ডমিঙ্গো । এছাড়াও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ওয়ারিয়রস ফ্র্যাঞ্চাইজির কোচিং করিয়েছেন তিনি।
