লারা, সারওয়ানের দ্বারস্থ ক্যারিবিয়ানরা

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২১:২০

ভারতের বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন কিংবদন্তী ব্রায়ান লারা এবং রামনরেশ সারওয়ান। সিরিজ শুরুর আগে অনুশীলন ক্যাম্পে দলের সঙ্গে কাজ করবেন সাবেক এ দুই ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ১৩ সদস্যের দলের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা, জ্ঞান ও বিশেষত্ব শেয়ার করবেন এ দুই জন। অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আগামী ২২-২৬ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। এরপর জ্যামাইকার সাবিনা পার্কে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। স্বল্প সময়ের জন্য দলের সঙ্গে সাবেক এ দুই তারকা কাজ করতে রাজি হওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ডিরেক্টর জিমি অ্যাডামস। তিনি বলেন, ‘খেলোয়াড়ের সঙ্গে কাজ করার জন্য আমরা লারা ও সারওয়ানকে এনেছি। আমরা জানি এদের দুজনের এখনো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে এবং বর্তমান প্রজন্মকে তারা সাহায্য করতে এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করতে চায়।’