দুই মাস সময় নিলেন মাশরাফি

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২১:২০

স্পোর্টস রিপোর্টার

একটু আগে বোর্ড সভাপতি এসেছেন—কয়েকজন পরিচালকও এসেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে তখন সংক্ষিপ্ত সভা চলছে। একটু পরই নতুন কোচের নাম ঘোষণা করা হবে। সেই নিয়ে বাইরে সংবাদকর্মীদের অপেক্ষা চলছে। এই সময় হঠাত্ করেই স্টেডিয়ামের চেনা মুখ হিসেবেই এলেন মাশরাফি বিন মুর্তজা।

লম্বা সময় ধরে ভেতরে আলোচনা চলল। বোঝা গেল, মাশরাফির অবসর নিয়ে হয়তো কিছু আলোচনা চলছে। বেশ খানিকক্ষণ পর বের হয়ে এলেন। কোনো কথা বললেন না সংবাদ মাধ্যমের সাথে। বরং একটু স্বভাববিরুদ্ধভাবে অসহিষ্ণু হয়ে উঠলেন। তিনি চলে যাওয়ার খানিক পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, জিম্বাবুয়ের বিপক্ষে অন্তত মাশরাফির অবসরের জন্য বিশেষ কোনো ম্যাচ আয়োজিত হচ্ছে না। অবসর নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য মাশরাফি মাস দুয়েক সময় চেয়েছেন। 

মাশরাফির অবসরের প্রসঙ্গ যে, তার সাথে আলোচনা হয়েছে, সেটা নিশ্চিত করে পাপন বললেন, ‘আমাদের একটা আলোচনা ছিল, একটা ওয়ানডে জিম্বাবুয়ের সঙ্গে করব কী-না। সেই ব্যাপারে (মাশরাফিকে) জিজ্ঞেস করেছিলাম। ও কি মনে করে? ও মনে করে যে এটা তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আগামী মার্চের আগে আমাদের কোনো ওডিআই নেই। সেজন্য এক্ষণি না হলে তার জন্য সুবিধা হয়। দুইমাস পরে হলে সে সিদ্ধান্ত নিতে পারে যে, ওর প্ল্যান কি। সেটা চিন্তা করেছে। আমরা বলেছি—ওকে।’

২০০১ সালে অভিষেকের পর থেকে গত বিশ্বকাপ পর্যন্ত ২১৭টি ওয়ানডে খেলেছেন মাশরাফি। এর মধ্যে তার ক্যারিয়ারের লম্বা কিছু সময় কেড়ে নিয়েছে ইনজুরি। তাতে ম্যাচ ও উইকেটের সংখ্যা কমেছে। তারপরও বাংলাদেশের ক্রিকেটের সেরা বোলার হিসেবে সার্ভিস দিয়েছেন লম্বা সময়। কিন্তু এবারের বিশ্বকাপে সময়টা তার একদমই পক্ষে ছিল না। পুরো টুর্নামেন্টে পেয়েছেন একটি মাত্র উইকেট। আর সে সময়ই বিভিন্ন মাধ্যমে তার অবসরের গুঞ্জন বেড়ে যায়।

মাশরাফি নিজেও বিশ্বকাপের আগে-পরে বলেছেন খুব বেশিদিন আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। এখন তিনি একাধারে রাজনীতি নিয়েও খুব ব্যস্ত সময় পার করছেন। ইনজুরির জন্য শ্রীলঙ্কা সফরে যেতে পারেননি। সেই সময়ে নড়াইলের এই নির্বাচিত সংসদ সদস্য ব্যস্ত সময় কাটিয়েছেন নিজের এলাকার লোকেদের সঙ্গে।

এই অবস্থায় মাশরাফি অবসর নেওয়ার জন্য একটা বিশেষ ম্যাচ খেলতে চান কি না, সেটা বুঝতে চেয়েছিল বিসিবি। পরিকল্পনা ছিল যে, মাশরাফি রাজি হলে ত্রিদেশীয় টুর্নামেন্টের আগে বা পরে জিম্বাবুয়ের বিপক্ষে মাশরাফির জন্য একটা বিদায়ি ওয়ানডে আয়োজন করা হবে। সেটা আপাতত হচ্ছে না।