স্পোর্টস রিপোর্টার
ভারতের রাজস্থান জয়পুরে ২১ হতে ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে অষ্টম এশিয়ান ওমেন্স ইয়ুথ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশসহ দুই গ্রুপে ১০টি দেশ এই নারী যুব হ্যান্ডবলে লড়াই করবে। ১০টি দেশ হতে ৬টি দেশ নারী যুব বিশ্বকাপে খেলার টিকিট পাবে। যেটি আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বে ওঠার এশিয়ান বাছাইয়ে বাংলাদেশের সম্ভাবনা খুব কম। কিংবা নেই বললেও চলে। কারণ জয়পুরে এশিয়ার বাছাইয়ের শক্তিশালী ‘এ’ গ্রুপে দক্ষিণ কোরিয়া, জাপান, উজবেকিস্তান, চায়নীজ তাইপে, বাংলাদেশ। ‘বি’ গ্রুপে ভারত, চীন, কাজাকিস্তান, নেপাল ও মঙ্গোলিয়া খেলবে। এদের মধ্যে অনেক শক্তিশালী কোরিয়া, জাপান, তাইপে, ভারত, চীন, উজবেকিস্তান। কোরিয়া একাধিকবার এশিয়ার সেরা দলও হয়েছিল। ২০০০ সালে ঢাকায় ষষ্ঠ এশিয়ান মহিলা জুনিয়র হ্যান্ডবল টুর্নামেন্ট হয়েছিল। সেবার কোরিয়া চ্যাম্পিয়ন হয়েছিল বলে তাদের সরকার খেলোয়াড়দের ১ কোটি টাকা করে উপহার দেয়। সেখানে বাংলাদেশ সপ্তম হয়েছিল। দেশের বাইরে হওয়া ২০০৪ সালে নবম এশিয়ান জুনিয়র পুরুষ হ্যান্ডবলে বাংলাদেশ দশম হয়। ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় ১২তম সিনিয়র এশিয়ান পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের স্থান ১২। এশিয়ার হ্যান্ডবলের মঞ্চে বাংলাদেশের ছবিটা এরকমই। হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলছিলেন, হ্যান্ডবল খেলার খরচ অনেক। জাপান কোরিয়া যেভাবে টাকা খরচ করে সেটা আমাদের দেশের পক্ষে সম্ভব না। জাপান হ্যান্ডবলে যে টাকা খরচ করে আমাদের ফুটবল ফেডারেশন বেচতে হবে।’ অর্থ খরচের বাস্তবতা এমনই। তারপরও হাত গুটিয়ে বসে না থেকে আন্তর্জাতিক হ্যান্ডবলে নিজেদের নাম রাখতে চায়। সাবেক এ খেলোয়াড় জাহাঙ্গীর বললেন, ‘খেলতে না গেলে নিজেদের শক্তিটা বুঝা যায় না। নেপালের মতো দলও খেলতে যাচ্ছে। কিন্তু কেন? যারা খেলতে যাচ্ছে সব দেশকেই নিজেদের খরচে খেলতে হবে।’
এবারই প্রথম জয়পুরে হতে যাওয়া এশিয়ান বাছাই খেলতে যাচ্ছে বাংলাদেশ। ভালো ফল করার প্রত্যাশা নিয়ে মেয়েদের কঠিন প্রশিক্ষণে রাখা হয়েছিল হ্যান্ডবল ফেডারেশনের ক্যাম্পে। ঈদের ছুটিও দেওয়া হয়নি মেয়েদের। এক মাসের প্রশিক্ষণ নিয়েছে মেয়েরা। জামালপুরের পাঁচ, পঞ্চগড়ের দুই, যশোরের দুই, নওগাঁর তিন, ফরিদপুর এবং রংপুরের এক জন করে খেলোয়াড় রয়েছেন ক্যাম্পে। আলপনা আক্তার (অধিনায়ক), খাদিজা খাতুন (সহঅধিনায়ক), সুমাইয়া বানু, আছিয়া আক্তার, পান্না আক্তার, বেবী আক্তার, শারমিন আক্তার, সুবর্ণা আক্তার স্বর্ণা, নাজনীন নাহার, মিষ্টি খাতুন, ফৌজিয়া রহমান তরু, সানজিদা আক্তার উর্মি, স্মৃতি আক্তার, ইসরাত জাহান ইভা। কোচ নুরুল হক বিশ্বাস, দলনেতা, সৈয়দা তাসলিমা আক্তার। কর্মকর্তা নুরুল ইসলাম। আগামীকাল ঢাকা ছাড়বে হ্যান্ডবল দল।
