চাঁদপুরের শাহরাস্তিতে বাস ও বালুবাহী ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপজেলার বানিয়াচো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুমিল্লাগামী একটি বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে দিনাজপুর থেকে হাজীগঞ্জগামী আল-আরাফা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ডাম্প ট্রাকের চালক আবদুল ওহাব (৪০), বাসচালক গাইবান্ধার কামাল (৩৫) ও চালকের সহকারী বাগেরহাটের শোভন (৩০) নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের অধিকাংশ স্থানীয়দের সহায়তায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান।
গুরুতর আহত তিনজনকে ফায়ার সার্ভিস শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আকলিমা জাহান বলেন, আহতদের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁদের অবস্থা নাজুক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, নিহত তিনজনের মরদেহ থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাস ও ডাম্প ট্রাক জব্দ করেছে পুলিশ।

