‘আমরা আইন বদলাইনি’

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২১:২১

বিপিএল বিতর্ক

স্পোর্টস রিপোর্টার

নতুন মৌসুমের বিপিএল শুরু হওয়ার আগেই ছোটোখাটো বিতর্ক শুরু হয়ে গেছে। মূলত সাকিব আল হাসানকে ঢাকা ডায়নামাইটস থেকে রংপুর রাইডার্সে নেওয়া থেকেই বিতর্ক শুরু। এ ঘটনার কয়েক দিন পর বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হলো, সাকিবের এ দলবদল বৈধ নয়। কারণ, এখনো দলগুলোর সঙ্গে বিসিবির নতুন চুক্তিই হয়নি।

এ ঘটনার প্রতিক্রিয়ায় টম মুডি, মাহেলা জয়াবর্ধনেসহ অনেকেই বিসিবির সমালোচনা করেছিলেন। তারা বলেছিলেন, বারবার আইন বদলালে বিপিএল বিশ্বাসযোগ্যতা হারাবে। গতকাল এ কথার জবাব দিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, তারা কখনোই আইন বদলাননি। বরং কয়েকটা ফ্রাঞ্চাইজি বিভিন্ন সময় যে আইন ভঙ্গ করেছে, তারা সেটা ঠেকিয়েছেন মাত্র।

গতকাল পাপন বলছিলেন, ‘পত্রপত্রিকা খুললে, টেলিভিশন খুললে দেখি কয়েকজন ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে বলা হচ্ছে, বারবার আইন বদলানো হচ্ছে। এ রকম করলে আমরা খেলবো। আমরা আইন পরিবর্তন করলাম কখন? এ কথাটা কেউ বলে না যে, যাদের নিয়ে আসছেন, এরা প্রত্যেকে প্রতিবার আইন ভঙ্গ করে। আমরা আইন পরিবর্তন করি না।’

এবারের ঘটনাটাকেই উদাহরণ হিসেবে সামনে এনে পাপন বললেন, ‘একটা একটা করে উদাহরণ দিয়ে দেখেন। এবারও তারা আইন পরিবর্তন করেছে। রিটেনশন (খেলোয়াড় ধরে রাখার আইন) থাকার পরও রিটেনশনের সুযোগ না দিয়ে তারা নিজেরা নিজেরা খেলোয়াড় বদলাচ্ছে। এটা তো হতে পারে না। এটা তো আইনে নাই। আমরা বাঁধা দিয়েছি। আমরা আইন বদলাইনি।’

নতুন বিপিএলে কিভাবে দলগুলোর সঙ্গে নতুন চুক্তি হবে সেটা বলতে গিয়ে বোর্ড সভাপতি বলেছেন, ‘আমাদের সঙ্গে সবগুলো দলের চুক্তি এক্সপায়ার করেছে। এখন নতুন করে চুক্তি হবে। আমার জানা মতে, সবাই না হলেও বেশিরভাগ দলই (পাওনা) দিয়েছে। সেটা না দিলে তো চুক্তি রিনিউ হবে না। যেসব দল আছে, আমরা চুক্তি করার ক্ষেত্রে তাদের প্রায়োরটি দেব।’