স্পোর্টস ডেস্ক
পাঁচ বছর আগে বার্সেলোনার ষড়মুকুট জেতার পথ আগলে দাঁড়িয়েছিলেন আরিতজ আদুরিজ। পাঁচ বছর পর এবার লিগের শুরুর ম্যাচেই কাতালানদের হারের বিস্বাদ দিলেন তিনি। তার একমাত্র গোলেই শিরোপাধারীদের হারিয়েছে স্বাগতিক অ্যাথলেটিক বিলবাও।
অধিনায়ক লিওনেল মেসি চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন। শুক্রবার লিগের শুরুর ম্যাচে সহঅধিনায়ক সার্জিও বুসকেটসকেও শুরুর একাদশে রাখেননি দলের কোচ আর্নেস্তো ভালভার্দে। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ফরোয়ার্ড লুই সুয়ারেজও চোট নিয়ে মাঠের বাইরে চলে যাওয়ায় প্রায় অনভিজ্ঞ একাদশ নিয়েই খেলতে হয়েছিল বার্সেলোনাকে।
তারপরও এগিয়ে যাওয়ার বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল দলটি। রাফিনিয়া আলকান্তারা ও উসমান দেম্বেলের দারুণ দুটো শট রুখে স্বাগতিক দলকে ম্যাচে রাখেন গোলরক্ষক উনাই সিমন। ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচের মোড় ঘুরিয়ে শেষ বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা আদুরিজ।
ডান প্রান্ত থেকে আসা নিচু ক্রসকে তিনি দুর্দান্ত এক ওভারহেড কিকে বার্সার জালে পাঠালে জয় নিশ্চিত হয় বিলবাওয়ের। এর ফলে ১০ বছর পর লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে হারের তেতো স্বাদ পেল বার্সেলোনা।
চলতি মৌসুম শেষেই অবসরের ঘোষণা দিয়ে রাখা আদুরিজের অন্যতম প্রিয় প্রতিপক্ষ বার্সেলোনা। এর আগে কাতালানদের বিপক্ষে ৯ গোল করা এ বাস্ক খেলোয়াড়টির সেরা নৈপুণ্য ছিল ২০১৫ সালে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে করা হ্যাটট্রিকটি। সেবার দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানের হারের ফলে দ্বিতীয়বারের মতো এক বছরের ছয়টি শিরোপা জেতা হয়নি দলটির।
কাকতালীয়ভাবে সেবার কোচ হিসেবে বাস্ক দলটির ডাগআউটে ছিলেন বর্তমান বার্সা কোচ ভালভার্দেই। তাই হয়তো আদুরিজের এমন নৈপুণ্যে মোটেও চমকে জাননি তিনি। ম্যাচের পর ভালভার্দে জানান, ‘আদুরিজ থাকলে বাতাসে আসা যে কোনো বলই বিপজ্জনক এবং আজ সেটাই হয়েছে। সেই আক্রমণটা দারুণ ছিল। এবং সে এমন গোল করেই থাকে। তার এই গোলটায় মোটেও চমকে যাইনি আমি।’
পায়ের পেশিতে চোট পেয়ে এদিন মাঠ ছাড়া সুয়ারেজ তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন। ফলে সেপ্টেম্বরের আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে তার মাঠে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। ভালভার্দের বিশ্বাস দ্বিতীয়ার্ধে তার উপস্থিতি থাকলে ফলাফলটা অন্যরকমও হতে পারত, ‘দ্বিতীয়ার্ধে যখন আমরা অ্যাথলেটিকোর বিপত্সীমায় ছিলাম তখন তার শূন্যতা অনুভব করছিলাম।’
এদিকে দলে নতুন আসা আন্তনিও গ্রিজমান চেনা রূপ দেখাতে এদিনও ব্যর্থ হয়েছেন। তার পারফরমেন্স নিয়ে ভালভার্দের মূল্যায়ন, ‘বাঁ পায়ের খেলোয়াড়দের জন্য মাঠের বাম পাশে খেলাটা খারাপ ব্যাপার নয়। সে যদি প্রতিপক্ষ বিপত্সীমার কাছাকাছি থাকে তবে সে ভালোভাবে আক্রমণ করতে পারবে। কিন্তু তার জন্য ম্যাচে আমাদের প্রাধান্য থাকতে হবে। ম্যাচে আরো ঢুকে যেতে হবে তাকে।’
