তিন বছর পর টেস্ট দলের অধিনায়কত্ব ফিরে পেয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্ত পারফর্ম করেছেন বাবর আজম। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৯৩ রান করে হয়েছেন সিরিজসেরা। তবে আসন্ন কঠিন ইংল্যান্ড সফরকে সামনে রেখে পাকিস্তানি তারকা ব্যাটার বাবর আজমকে সংবাদমাধ্যম ও মিডিয়ার দৃষ্টি থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে ৯০ রানে হারলেও পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্টে ৮ উইকেটের দারুণ জয় পায় পাকিস্তান। বাবরের নেতৃত্বেই বিদেশের মাটিতে তিন বছর পর টেস্ট জয়ের স্বাদ পায় দলটি। ১-১ ব্যবধানে সিরিজ ড্র হওয়ার পর এবার বাবরদের পরবর্তী মিশন ইংল্যান্ড। আগামী ১৯ আগস্ট হেডিংলিতে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে বাবরকে নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন রশিদ লতিফ।
জিও নিউজের ‘স্কোর’ অনুষ্ঠানে রশিদ লতিফ বলেন, ইংলিশ সংবাদমাধ্যম প্রায়ই সফরকারী দলগুলোকে অপ্রয়োজনীয় বিতর্কে জড়ানোর চেষ্টা করে। তাই বাবর আজমকে মিডিয়ার মুখোমুখি না করে পিসিবির উচিত তাকে এসব থেকে দূরে রাখা। তার মতে, বাবরের পরিবর্তে নিয়মিত সংবাদ সম্মেলনে সাবেক অধিনায়ক শান মাসুদকে পাঠানো যেতে পারে।
এদিকে টেস্ট দলের নেতৃত্ব হারালেও স্কোয়াডে নিজের জায়গা ধরে রেখেছেন শান মাসুদ। অন্যদিকে পিসিবির অন্দরে বাবরকে সীমিত ওভারের ক্রিকেটেও অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়ার গুঞ্জন চলছে। তবে সব জল্পনা কাটিয়ে পাকিস্তান দল ইংল্যান্ড সফরে নিজেদের সেরাটা দিতে এখন পুরোপুরি প্রস্তুত।

